গোল উদযাপন করে শাস্তির মুখে পিকে!
লা লিগার ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের কাছে প্রায় হারতেই বসেছিল বার্সেলোনা। মাঠের পানির সাথে যুদ্ধ করে হাঁপিয়ে ওঠা বার্সা শিবিরে একমাত্র স্বস্তির গোল এনে দিয়েছিলেন কয়েকদিন আগে চুক্তি নবায়ন করা জেরার্ড পিকে। ম্যাচের ৮২ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডারের মাথা ছুঁয়ে আসে বার্সেলোনার একমাত্র গোলটি। ১-১ সমতায় শেষ হয় খেলা। ফলে পরাজয় এড়ানোর পাশাপাশি লিগে এখনো পরাজয়ের স্বাদ পায়নি কাতালান ক্লাবটি।
দলকে রক্ষা করা এই গোলের পর স্বাভাবিকভাবেই বুনো উল্লাসে মেতে উঠেন পিকে। কিন্তু স্প্যানিশ ডিফেন্ডারের উদযাপন সুনজরে নিতে পারেনি লা লিগা কর্তৃপক্ষ। লা লিগার মতে পিকের উদযাপন আক্রমণাত্মক। যার শাস্তি হিসেবে এক থেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন এই বার্সা ডিফেন্ডার।
ম্যাচের একমাত্র সমতাসূচক গোলটি করার পর ঠোঁটে আঙুল দিয়ে আক্রমণাত্মকভাবে স্বাগতিক সমর্থকদের চুপ থাকতে বলেন পিকে। যা সমর্থকদের প্রতি পিকের অপমান হিসেবেই বিবেচনা করা হয়েছে। পিকের এমন উদযাপনকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে শাস্তিযোগ্য মনে হলে সর্বোচ্চ তিন ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে বার্সেলোনার নির্ভরযোগ্য এই ডিফেন্ডারকে।

স্পোর্টস ডেস্ক