আইসিসির চোখে চট্টগ্রামের উইকেট ‘বাজে’!
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২ গজের পিচে দুই দলই ব্যাটিং তাণ্ডব চালিয়েছে। পাঁচ দিনের ম্যাচে গড়ে প্রতিদিন ৩০৬ রান হয়েছে। পুরো টেস্টজুড়ে দুদল তুলেছে ১,৫৩৩ রান। তাতে দুদল খুশি হলেও চট্টগ্রামের পিচ নিয়ে সন্তুষ্ট নয় আইসিসি।
চট্টগ্রাম টেস্টের ম্যাচ রেফারি অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডেভিড বুন চট্টগ্রামের উইকেটকে আদর্শ হিসেবে মানছেন না। তিনি ম্যাচ রিপোর্টে চট্টগ্রামের পিচকে বাজে হিসেবে অভিহিত করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছেন। এমন আরো চারটি ডিমেরিট পয়েন্ট যোগ হলে এক বছরের জন্য নিষিদ্ধ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
আইসিসির ভাষ্যমতে, নিজের প্রতিবেদনে বুন লিখেছেন, ‘উইকেট থেকে পেস বোলাররা নতুন বলে কোনো মুভমেন্ট পায়নি। পুরো ম্যাচেই বাউন্স ছিল না খুব একটা। মাঝেমধ্যে একটু স্পিন ধরলেও ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে যতটা টার্ন আসার কথা ছিল, তা আসেনি। ফলে পাঁচ দিনই উইকেট একতরফাভাবে ব্যাটসম্যানদের সাহায্য করে গেছে।’
বাংলাদেশের দুটি মূল ক্রিকেট ভেন্যুই পেল ডিমেরিট পয়েন্ট। গত বছর অস্ট্রেলিয়া টেস্টে বাজে আউটফিল্ডের জন্য দুটি ডিমেরিট পয়েন্ট পায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

স্পোর্টস ডেস্ক