ইলিয়াস-নাদিফকে বিসিবির শোকজ
গত মাসে অনুমতি ছাড়া সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে বিপাকে পড়েছিলেন সাব্বির রহমান। জাতীয় দলের এই ব্যাটসম্যানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবার ইলিয়াস সানি আর নাদিফ চৌধুরীকেও একই ঝামেলায় পড়তে হচ্ছে। অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রের একটি টুর্নামেন্টে অংশ নেওয়ায় এই দুজনকে শোকজ নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
যুক্তরাষ্ট্রের মিশিগানে ওই টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাঁহাতি স্পিনার ইলিয়াস আর ডানহাতি ব্যাটসম্যান নাদিফ ছাড়াও ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুলও খেলেছিলেন। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের আরো দুই ক্রিকেটার তাপস বৈশ্য ও শাকের আহমেদ। তাপস জাতীয় দলের সাবেক পেসার হলেও শাকের কখনো জাতীয় দলে খেলার সুযোগ পাননি।
আশরাফুল-তাপস-শাকের চুক্তির বাইরের খেলোয়াড়। কিন্তু ইলিয়াস ও নাদিফ বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। তাই দুজনকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘দুজনই প্রথম শ্রেণির ক্রিকেটের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ। তাদের জানা উচিত বিসিবির অনুমতি ছাড়া কোনো টুর্নামেন্টে খেলা যায় না। দুজনকেই শোকজ নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তাদের ডিসিপ্লিনারি কমিটিতেও ডাকা হবে।’

ক্রীড়া প্রতিবেদক