ইনিংস হারের শঙ্কায় ইংল্যান্ড
অ্যাশেজ সিরিজ হারের পর পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়া লড়ছে মান বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে সফলও হতে চলেছে মাইকেল ক্লার্কের দল। ওভালে ইনিংস ব্যবধানে হারের আশঙ্কায় দুলছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩৩২ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়েছিল স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০৩ রান সংগ্রহ করতেই হারিয়েছে ছয়টি উইকেট। ইনিংস ব্যবধানে হার এড়ানোর জন্য এখনো ইংল্যান্ডকে সংগ্রহ করতে হবে ১২৯ রান।
প্রথম ইনিংসে ৮ উইকেটে ১০৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। মাত্র ৯ ওভার ব্যাটিং করে ১৪৯ রানেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও খুব একটা ভালো নৈপুণ্য দেখাতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা।
অনেকক্ষণ ধরে প্রায় একাই লড়াই চালিয়েছেন অধিনায়ক অ্যালিস্টার কুক। ২৩৪ বলে ৮৫ রানের ধীরস্থির ইনিংস খেলে এড়ানোর চেষ্টা করেছিলেন ইনিংস ব্যবধানে হারের লজ্জা। কিন্তু অন্যদের সহায়তা খুব বেশি পাননি ইংল্যান্ডের অধিনায়ক। ষষ্ঠ উইকেটে জস বাটলারকে সঙ্গে নিয়ে যোগ করেছিলেন ৫৯ রান। এটিই এখন পর্যন্ত ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। কুক আউট হয়ে গেলেও ইংল্যান্ডের আশার আলো হিসেবে উইকেটে টিকে আছেন বাটলার। তৃতীয় দিন শেষে অপরাজিত আছেন ৩৩ রান করে।

স্পোর্টস ডেস্ক