প্রতিবন্ধী ক্রিকেটারদের লড়াইয়ে বৃষ্টির বাগড়া
বুধবার বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল আইসিআরসি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দলের প্রতিযোগিতাটির উদ্বোধনও করেছেন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে বুধ ও বৃহস্পতিবার খেলা হতে পারেনি। আবহাওয়া অনুকূলে থাকলে ব্যাট-বলের লড়াই শুরু হবে শুক্রবার থেকে।
শুক্রবার বিকেএসপিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড। একই দিনে পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান। প্রতিযোগিতার পঞ্চম দল ভারত। লিগ পর্বের সব ম্যাচ হবে বিকেএসপিতে। ফাইনালের ভেন্যু এখনো ঠিক হয়নি।
নতুন সূচি অনুযায়ী, শুক্রবার শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হবে এই প্রতিযোগিতা। ৫ সেপ্টেম্বর পাকিস্তান, ৭ সেপ্টেম্বর আফগানিস্তান এবং ৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশের হেড অব ডেলিগেশন ক্রিস্টিন চিপোলা জানিয়েছেন, ‘বৃষ্টির কারণে আমরা খেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিসিবি ও বিকেএসপির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
শারীরিক প্রতিবন্ধীদের এই টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করছে আইসিআরসি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

ক্রীড়া প্রতিবেদক