আবারও স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত জামশেদ!
ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) গতকাল বৃহস্পতিবার গত বছর পাকিস্তান সুপার লিগের স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নাসির জামশেদকে অভিযুক্ত করেছে। তাঁদের মতে, ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত তিনজনের মধ্যে একজন জামশেদ।
ব্রিটিশ এই সংস্থার কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ‘বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজিত টুর্নামেন্টে এনসিএ অনুযায়ী তিনজন ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত।’ জামশেদসহ দুজনকে লিখিতভাবে জানানো হয়েছে আগামী ১৫ জানুয়ারি ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দেওয়ার জন্য।
এরই মধ্যে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে খালিদ লতিফ ও শারজিল খানকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। পিসিবির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের জন্য জামশেদকে ১০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত বছর বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিচালিত অভিযানের মাধ্যমে ব্রিটিশ নাগরিক ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজকে গ্রেপ্তার করে এনসিএ।
বাঁহাতি ওপেনার নাসির জামশেদ জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৮ সালে অভিষিক্ত হন। তবে ২০১৫ সালের বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর দল থেকে ছিটকে পড়েন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে মোট ৬৮টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন জামশেদ।

স্পোর্টস ডেস্ক