যে কারণে দল থেকে বাদ সাকিব!
কলকাতা নাইট রাইডার্সে টানা কয়েক মৌসুম খেলার পর ২০১৮ সালে সানরাইজার্স হারদরাবাদে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। নাইটদের হয়ে প্রায় প্রতি ম্যাচেই মাঠে নামতেন সাকিব। আর সানরাইজার্সের হয়ে গত মৌসুমে প্রতিটি ম্যাচেই সেরা একাদশে ছিলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। কিন্তু এবারের আসরে দ্বিতীয় ম্যাচেই দল থেকে বাদ পড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গতকাল শুক্রবার হায়দরাবাদের দ্বিতীয় ম্যাচের একাদশে ছিলেন না তিনি।
সানরাইজার্সের এবারের দলটায় বিদেশি খেলোয়াড়ের সংখ্যা মোট আটজন। দুই বিদেশি সাকিব আর আফগানিস্তানের মোহাম্মদ নবীসহ দলে অলরাউন্ডার আছেন ছয়জন। এ ছাড়া ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, রশিদ খান, জনি বেয়ারস্টো, বিলি স্টেনলেকের মতো বিদেশি তারকা রয়েছেন হায়দরাবাদের স্কোয়াডে। আইপিএলের নিয়ম অনুযায়ী একটি ম্যাচে কোনো দল সর্বোচ্চ চারজন বিদেশিকে খেলাতে পারে। সাকিবকে তাই মাঠে নামার জন্য কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে এবার।
এবারের আসরে কলকাতার বিপক্ষে হায়দরাবাদের প্রথম ম্যাচে মাঠে নামেন সাকিব। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ইনজুরির কারণে সেদিন মাঠে নামতে পারেননি। ম্যাচে প্রথম ইনিংসে সানরাইজার্সের হয়ে ব্যাট করার সুযোগই হয়নি সাকিবের। বোলিংয়ে এসে শুরুর দিকে বিপজ্জনক ক্রিস লিনের উইকেট পেলেও ৩.৪ ওভারে ৪২ রান গুনতে হয় বাঁহাতি অলরাউন্ডারকে। ইনিংসের শেষ ওভারে বল করতে এসে আন্দ্রে রাসেলের তোপে পড়ে দলকে ম্যাচও জেতাতে পারেননি। এমন পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে অধিনায়ক উইলিয়ামসন ফিট হয়ে দলে ফিরলে বাদ পড়তে হয় সাকিবকে।
আইপিএল তীব্র প্রতিদ্বন্দ্বিতার টুর্নামেন্ট। দলে জায়গা পাওয়ার জন্য খেলোয়াড়রাও কঠিন লড়াইয়ে অবতীর্ণ হন। তাই এবারের আসরে নিয়মিত একাদশে জায়গা পেতে হলে দুর্দান্ত পারফরম্যান্স করা ছাড়া সাকিব আল হাসানের সামনে আর কোনো বিকল্প নেই।

স্পোর্টস ডেস্ক