আইপিএলে ম্যাচ ফিক্সিং?
এবারের আইপিএল ইতিবাচক কারণে যতটা সংবাদ শিরোনাম হয়েছে, নেতিবাচক কারণে হয়েছে তার চেয়ে অনেক বেশি। পাঞ্জাবের অধিনায়ক অশ্বিনের ‘মানকাডিং আউট’ করা নিয়ে চলছে তুমুল সমালোচনা। এ ছাড়া ভারতের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে এবারের আইপিএলের ম্যাচসূচি নিয়েও রয়েছে সমালোচনা। তবে নতুন করে যে বিতর্কের সূত্রপাত হয়েছে, তা রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা। এবার ম্যাচ ফিক্সিং বিতর্কে জড়িয়ে গেছে আইপিএলের নাম।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয়। সবই হয় এই টুর্নামেন্টের ম্যাচগুলোকে কেন্দ্র করে। মাঠের ভেতরে ব্যাট-বলের তুমুল লড়াইয়ের পাশাপাশি দর্শকদের উত্তেজনা, দর্শনীয় টিভি সম্প্রচার, চিয়ার লিডারদের নাচ, ক্যামেরার কারিকুরি আর ক্রিকেট পণ্ডিতদের বিশ্লেষণ সবই আছে। তবে মাঠের বাইরেও আছে অনেক কিছু। রয়েছে প্রতিটি ম্যাচকে কেন্দ্র করে জুয়া, বাজির লড়াই আর বুকিদের দৌরাত্ম্য।
কিন্তু ম্যাচ ফিক্সিং বিতর্কটা নিঃসন্দেহে সবচেয়ে ভয়ানক। শনিবার অনুষ্ঠিত দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি ঘিরে তুমুলভাবে সেই ফিক্সিং বিতর্ক শুরু হয়েছে। ম্যাচটি আগে থেকেই পাতানো, এমন অভিযোগ চলে এসেছে জোরেশোরে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় তরুণ প্রতিশ্রুতিশীল উইকেটরক্ষক-ব্যাটসম্যান ও দিল্লি ক্যাপিটালসে খেলা ঋষভ পান্ত। স্টাম্প মাইকে ধরা পড়া তাঁর একটি মন্তব্য ম্যাচ ফিক্সিংয়ের বিতর্কটা উসকে দিয়েছে।
শনিবার অনুষ্ঠিত ম্যাচে কলকাতার ইনিংস চলাকালে দিল্লির উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছিলেন পান্ত। ইনিংসের চতুর্থ ওভারে উইকেটের পেছন থেকে করা তাঁর একটি মন্তব্যের ভয়েস ক্লিপ ম্যাচের পরপরই সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ওভারের চতুর্থ বলে ব্যাট হাতে ক্রিজে ছিলেন কলকাতার ব্যাটসম্যান রবিন উথাপ্পা। নেপালের লেগস্পিনার সন্দীপ লামিচানের করা সেই বলটা ডেলিভারি করার আগেই উইকেটের পেছন থেকে পান্ত বলেন, ‘এই বলে তো এমনিতেও বাউন্ডারি হবে।’
অবিশ্বাস্যভাবে সেই বলটায় চার হাঁকান রবিন উথাপ্পা। এমন ঘটনার পর কয়েক সেকেন্ডের সেই ক্লিপিংসের সত্যতা বিশদভাবে যাচাই করা না হলেও জোরালো হয়ে উঠেছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। পান্তের এই মন্তব্যের ওপর ভিত্তি করে ম্যাচের দর্শকরা দিল্লি-কলকাতা ম্যাচটা ‘ফিক্সড’ বলে অভিহিত করছেন। সমর্থকরা বলছেন, এমন আত্মবিশ্বাসের সঙ্গে পান্তের মন্তব্যটা অবশ্যই অন্য কিছু ইঙ্গিত করে।
তবে পান্তের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ অস্বীকার করেছে বিসিসিআই। এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় একটি অসম্পূর্ণ ভিডিও ক্লিপিংয়ের পরিপ্রেক্ষিতে কোনো ক্রিকেটারের ওপর এমন অভিযোগ আনা বাঞ্ছনীয় নয়। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার।’
ভারতীয় ক্রিকেট বোর্ড অস্বীকার করলেও আইপিএলে ফিক্সিং বিতর্ক নতুন নয়। এর আগে ফিক্সিং কাণ্ডে জড়িয়ে আইপিএল থেকে নিষিদ্ধ হয়েছিল টুর্নামেন্টের সফলতম দল চেন্নাই সুপার কিংস।

স্পোর্টস ডেস্ক