খ্যাতির বিড়ম্বনায় মুস্তাফিজের পরিবার
শুধু বাংলাদেশেই নয়, মুস্তাফিজুর রহমানের খ্যাতি ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। প্রতিনিয়তই তাঁর তরুণ-তরুণী ভক্তের সংখ্যা বাড়ছে। যেকোনো ক্রীড়াবিদ ও তাঁর পরিবারের জন্য বিষয়টি ভালো লাগারই। কিন্তু মুস্তাফিজের পরিবার পড়েছে খ্যাতির বিড়ম্বনায়।
ভক্তদের উৎপাত বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মুস্তাফিজের পরিবারের জন্য। বাংলাদেশের এই বোলিং সেনসেশনের সাতক্ষীরার বাড়িতে প্রতিদিনই অপরিচিত মানুষজন ভিড় করছে। প্রতিদিনই তাদের ঠিকানায় চিঠি আসছে। আর ভক্ত-তরুণীরা চাচ্ছেন মুস্তাফিজের ব্যক্তিগত ফোন নম্বরও।
মুস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী এ ব্যাপারে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রতিদিনই আমাদের সাতক্ষীরার বাড়িতে অপরিচিত মানুষজন আসেন শুভেচ্ছা জানাতে। এটিকে মোটেও খারাপভাবে দেখছি না আমরা। কিন্তু তরুণীরা যখন ফোন নম্বর চাচ্ছে, সেটা আমাদের কাছে মোটেও ভালো লাগার নয়। অবশ্য তখন ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আমরা।’
তা ছাড়া মুস্তাফিজের বাড়িতে প্রতিদিনই অসংখ্য চিঠি যাচ্ছে। এ ব্যাপারে মুস্তাফিজের বাবা বলেন, ‘আমাদের বাড়ির ঠিকানায় প্রতিদিনিই অসংখ্য চিঠি আসছে। তাই আমি বাধ্য হয়ে পোস্ট অফিসে গিয়ে বলে এসেছি, তারা যেন জরুরি ছাড়া আমাদের বাড়িতে কোনো চিঠি না পাঠায়। কারণ ছেলেটার বয়স এখনো খুব একটা বেশি হয়নি। এখন তাঁর খেলায় মনোযোগ দেওয়ার সময়।’
মুস্তাফিজের ৭০ বছর বয়সী বাবার আশঙ্কা, এসব চিঠি দেখে তাঁর ছেলের মনোযোগ যদি অন্যদিকে সরে যায়!
এদিকে কিছুদিন আগে বাবাকে একটি দামি গাড়ি কিনে দিয়েছেন মুস্তাফিজ। ছেলের কিনে দেওয়া গাড়িতে চড়ে বৃদ্ধ বাবার আনন্দের এখন শেষ নেই।

ক্রীড়া প্রতিবেদক