ভারতের ক্রিকেট বোর্ড সভাপতির পদত্যাগ
ক্রিকেট প্রশাসক হিসেবে তাঁর ভাবমূর্তি সবসময় উজ্জ্বল। নিরপেক্ষ মানসিকতার জন্যও ক্রিকেটবিশ্বে দারুণ সম্মানিত শশাঙ্ক মনোহর। এবার তাঁর সম্মান আরো বেড়ে যাবে নির্ঘাত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মনোহর। আইসিসির চেয়ারম্যান হিসেবে নিরপেক্ষতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত তাঁর।
আজ মঙ্গলবার বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুরকে একটা চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন মনোহর। এক বিবৃতিতে অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ‘বিসিসিআই নিশ্চিত করছে যে বিসিসিআই সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিস্টার অনুরাগ ঠাকুর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বিসিসিআই প্রতিনিধি পদেও আর থাকছেন না তিনি। ভারতীয় ক্রিকেটে বিশাল অবদানের জন্য মিস্টার মনোহরের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে বিসিসিআই।’
জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর গত বছরের অক্টোবরে দ্বিতীয়বারের মতো বিসিসিআই সভাপতির দায়িত্ব নিয়েছিলেন মনোহর। সর্বসম্মতিক্রমে বোর্ড সভাপতি হওয়ার পর ভারতীয় ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন তিনি।
আইপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জর্জরিত বিসিসিআইয়ের ভাবমূর্তি ফিরিয়ে আনতে নিয়েছিলেন বেশ কিছু কঠোর পদক্ষেপ। সাবেক বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের সমালোচনা করেছিলেন প্রকাশ্যেই। এমনকি বিশ্ব ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আধিপত্য খর্ব করতে আইসিসির গঠনতন্ত্র ও প্রশাসনে বিশাল পরিবর্তন আনারও উদ্যোগ নিয়েছিলেন ৫৮ বছর বয়সী মনোহর।

স্পোর্টস ডেস্ক