দিল্লিতে টেন্ডুলকারের বিলাসবহুল ফ্ল্যাট
মুম্বাইয়ে শচীন টেন্ডুলকারের বাড়িটা একেবারে প্রাসাদের মতো। নিজের শহরের বাইরে কেরালায়ও সুইমিংপুলসহ বাড়ি আছে তাঁর। ভারতের ব্যাটিং-কিংবদন্তির সম্পত্তির তালিকায় যোগ হয়েছে আরেকটি বাড়ি বা ফ্ল্যাট। দিল্লির কাছেই গ্রেটার নয়ডায় একটি ফ্ল্যাট কিনেছেন তিনি।
বছর ছয়েক আগে জেইপি সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হয়েছিলেন টেন্ডুলকার। তখনই তাঁকে জেইপি ক্রিসেন্ট কোর্ট আবাসনে একটি ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারতের বিখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠানটি। ইতিহাসের সফলতম ব্যাটসম্যান অবশ্য নিজের পকেট থেকে টাকা দিয়েই কিনে নিয়েছেন ফ্ল্যাটটি। এই আবাসনে ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেব আর বাঁহাতি পেসার আর পি সিংয়ের ফ্ল্যাটও আছে।
টেন্ডুলকারের এক কোটি ৬৮ লাখ রুপি মূল্যের বিলাসবহুল ফ্ল্যাটটি ২১ তলায়। ৩১৪ বর্গমিটার বা প্রায় তিন হাজার ৩৮০ বর্গফুটের এই ফ্ল্যাটে আছে ছয়টি বিশাল ঘর। পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা তো আছেই। ফ্ল্যাটটি স্ত্রী অঞ্জলির নামে নিবন্ধন করেছেন টেন্ডুলকার। নিবন্ধনের জন্য আট লাখ ৪০ হাজার টাকা দিয়েছেন অঞ্জলি নিজেই। বৃহস্পতিবার দিনভর এ কাজেই ব্যস্ত থাকতে হয়েছে ‘মাস্টার-ব্লাস্টারে’র স্ত্রীকে।
এই ফ্ল্যাটে অবশ্য টেন্ডুলকারের পরিবারের থাকার সম্ভাবনা কম। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় ছয় হাজার বর্গফুটের প্রাসাদোপম বাড়ি ছেড়ে এখানে থাকতে যাবেনই বা কেন তাঁরা!


স্পোর্টস ডেস্ক