ওয়ার্নের সঙ্গে তুলনা চান না জামপা
এ বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার এক তরুণ স্পিনারকে বোলিং করতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন অনেকে। ঠিক যেন বোলিং করছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। একই রকম বোলিং অ্যাকশন দিয়ে অ্যাডাম জামপা সত্যিই যেন ফিরিয়ে এনেছিলেন ওয়ার্নের স্মৃতি। তবে জামপা নিজে কিন্তু মোটেই পছন্দ করছেন না তুলনাটা। সর্বকালের সেরা লেগস্পিনারের সঙ্গে কোনোভাবেই নিজের তুলনা করতে চান না ২৪ বছর বয়সী জামপা।
২০০৭ সালে ওয়ার্নের অবসরের পর থেকেই একজন কার্যকরী লেগস্পিনারের সন্ধানে ছিল অস্ট্রেলিয়া। তবে কেউই বেশি সময় টিকতে পারেননি অস্ট্রেলিয়ান দলে। ২০০৯ সালে মাত্র একটি টেস্ট খেলেই থেমে গেছে ব্রাইস ম্যাকগেইনের ক্যারিয়ার। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথও দলে এসেছিলেন লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে। তবে পরে শুধু ব্যাটিংয়েই মনোনিবেশ করেছিলেন স্মিথ। বাঁহাতি চায়নাম্যান বেউ ক্যাসনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও শেষ হয়েছে মাত্র একটি টেস্ট খেলে। কেউই পূরণ করতে পারেননি ওয়ার্নের শূন্যতা।
এবার জামপার মধ্যেই তাই নতুন ওয়ার্নকে খুঁজছেন অনেকে। বোলিং অ্যাকশনে দারুণ মিল থাকার কারণেই ওয়ার্নের সঙ্গে জামপার তুলনাটা হচ্ছে বেশি করে। কিন্তু এই তুলনাটা যে মোটেই পছন্দ করছেন না, তা খুব স্পষ্ট করেই বলে দিয়েছেন জামপা, ‘শেন ওয়ার্ন শুধু একজনই আছেন। তিনি যেভাবে লেগস্পিন করতেন আর পুরো ক্যারিয়ারে তিনি যা অর্জন করেছেন, সেটা অবিশ্বাস্য ব্যাপার। অনেকেই আমাকে দেখে চিন্তা করে যে, আমাকে অনেকটা তাঁর মতোই লাগে। কিন্তু আমাদের একমাত্র মিলটা হলো বোলিং অ্যাকশনে।’
তবে ওয়ার্নের উত্তরসূরি হওয়ার যোগ্যতা যে আছে, সেটা অবশ্য ভালোমতোই প্রমাণ করেছেন জামপা। এ বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো নৈপুণ্য দেখিয়েছিলেন। চার ম্যাচে নিয়েছিলেন পাঁচটি উইকেট। এরপর ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএলেও নজর কেড়েছেন এই লেগস্পিনার। মাত্র পাঁচ ম্যাচ খেলে শিকার করেছেন ১২টি উইকেট। গত ১০ মে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চার ওভার বল করে মাত্র ১৯ রানের বিনিময়ে নিয়েছিলেন ছয়টি উইকেট। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার।

স্পোর্টস ডেস্ক