অবশেষে টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কুক
মাত্র ৩৬টি রান করে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে অনেক কাঠখড়ই পোড়াতে হলো অ্যালিস্টার কুককে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দুই ইনিংস ব্যাটিং করেও সংগ্রহ করতে পারেননি ৩৬টি রান। আউট হয়েছিলেন ১৬ ও ১৫ রান করে। তবে তৃতীয়বারের চেষ্টায় আর হতাশ হতে হয়নি ইংল্যান্ডের অধিনায়ককে। ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলে পেরিয়ে গেছেন ১০ হাজার রানের মাইলফলক। সবচেয়ে কম বয়সে ১০ হাজার রান সংগ্রহ করার রেকর্ডে ছাড়িয়ে গেছেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও।
২০০৫ সালের মার্চে কলকাতায় পাকিস্তানের বিপক্ষে টেন্ডুলকার পূর্ণ করেছিলেন ১০ হাজার রান। তার এক মাস পরেই তিনি পা দিয়েছিলেন ৩২ বছরে। আর গত বছরের ২৫ ডিসেম্বর কুক পূর্ণ করেছেন ৩১ বছর, অর্থাৎ সবচেয়ে কম বয়সে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার ক্ষেত্রে টেন্ডুলকারের চেয়ে প্রায় পাঁচ মাসের ব্যবধানে এগিয়ে আছেন কুক।
ডারহাম টেস্টেই এই মাইলফলক স্পর্শ করতে পারার জন্য কুক অবশ্য ধন্যবাদ দিতে পারেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। প্রথম ইনিংসে মাত্র ১০১ রানে গুটিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে ৪৭৫ রান সংগ্রহ করেছিলেন দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। আর সে কারণেই আবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন কুক। জয়ের জন্য মাত্র ৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড পেয়েছে ৯ উইকেটের সহজ জয়। এর মধ্যে ৪৭ রানই এসেছে কুকের ব্যাট থেকে। টেস্টে এখন কুকের সংগ্রহ দাঁড়িয়েছে ১০,০৪২ রান। ইংল্যান্ডের প্রথম আর টেস্ট ইতিহাসের দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে কুক স্পর্শ করেছেন এই ১০ হাজার রানের মাইলফলক।

স্পোর্টস ডেস্ক