আম্পায়ার ডাকলেন ‘নো’ বল, প্রাণ গেল বোনের
ক্রিকেট মাঠে বিতর্কিত সিদ্ধান্তের কারণে অনেক সময়ই তোপের মুখে পড়তে হয় আম্পায়ারকে। সমর্থকদের তীব্র সমালোচনা সহ্য করতে হয় তাঁদের। কিন্তু ভারতের আলীগড়ের বাসিন্দা রাজ কুমারের মতো দুর্ভাগা আম্পায়ার খুব কমই পাওয়া যাবে। একটি নো বল ডাকার জের ধরে নিজের বোনকে হারিয়েছেন তিনি। আম্পায়ারের বোনকে বিষ খাইয়ে হত্যা করে নো বল ডাকার প্রতিশোধ নিয়েছেন এক খেলোয়াড়। ভারতের উত্তরপ্রদেশের ছোট্ট শহর জারারার আঞ্চলিক এক ক্রিকেট প্রতিযোগিতায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএলের আদলে জারারাতে আয়োজন করা হয়েছিল জারারা প্রিমিয়ার লিগ। গত ২৮ মে আঞ্চলিক এই প্রতিযোগিতার একটি ম্যাচেই ঘটেছে আলোচিত ঘটনাটি। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে একটি নো বল ডেকেছিলেন আম্পায়ার রাজ কুমার। সেই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে তীব্র প্রতিবাদ করেছিলেন এক খেলোয়াড়, সন্দীপ পাল। সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে পরিবারের সদস্যকে হারাতে হবে- এমন হুমকিও দিয়েছিলেন তিনি। সেই সময় এই হুমকিটাকে খুব বেশি পাত্তা দেননি আম্পায়ার।
কিন্তু হুমকিটা যে শুধু কথার কথা ছিল না, তা পরের দিনই প্রমাণ করে দেন সন্দীপ। আম্পায়ার রাজ কুমারের ১৫ বছর বয়সী বোন পূজাকে খাইয়ে দেন বিষ মেশানো ঠান্ডা পানীয়। আগে থেকেই পরিচয় থাকায় কোনো কিছুই সন্দেহ করেনি পূজা। কিন্তু পানীয়টি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।
খেলার মাঠে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে মারামারির ঘটনা প্রায়ই দেখা যায় উত্তরপ্রদেশের এই অঞ্চলে। জারারার আঞ্চলিক প্রশাসক রতন পাল রাওয়াল টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি সব সময়ই জানতাম যে, এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করাটা ভালো সিদ্ধান্ত না। আর আমার আশঙ্কাই সত্যি হয়েছে।’
আগামীতে সেখানে এ ধরনের কোনো ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হবে কি না, তা অনেকটাই অনিশ্চিত। পুলিশের গ্রেপ্তার এড়ানোর জন্য এলাকা ছেড়ে পালিয়ে গেছেন সন্দীপ পাল। আর রাজ কুমার জানিয়েছেন, তিনি আর কখনো পালন করবেন না আম্পায়ারিংয়ের কঠিন দায়িত্ব।

স্পোর্টস ডেস্ক