এবার ভারতের কোচ হতে আগ্রহী রবি শাস্ত্রী
টিম ডিরেক্টর হিসেবে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব সামলে ছিলেন তিনি ১৮ মাস। ডানকান ফ্লেচার-পরবর্তী সময়ে এ দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।
নতুন খবর হলো, এবার ধোনি-কোহলিদের প্রধান কোচ হতে আগ্রহী রবি শাস্ত্রী। এরই মধ্যে তিনি আবেদনও করেছেন।
রবি শাস্ত্রী নিজেই স্বীকার করেছেন, কোচের পদের জন্য আবেদন করেছেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি প্রধান কোচের পদের জন্য আবেদন করেছি। সোমবার সকালেই এ আবেদনপত্র জমা দিয়েছি। যদি জানতে চান, আমি দায়িত্ব পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কি-না, তাহলে বলব, আমার কাজ ছিল আবেদন করা। আমি করেছি। বাকিটা আমি জানি না।’
২০১৪ সালে আগস্টে ভারতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্ব পান তিনি। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। তাঁর সময়ে অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকেই টি-টোয়েন্টি সিরিজে ৩-০তে হারিয়েছিল ভারত। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ জয়। ২২ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে কোহলিরা।
তাই প্রধান কোচ হওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই তিনি প্রাধান্য পাবেন। এদিকে রবি শাস্ত্রী ছাড়াও দেশটির আরেক সাবেক ক্রিকেটার সন্দীপ পাতিল প্রধান কোচ হতে আবেদন করেছেন।

ক্রীড়া প্রতিবেদক