‘ডিআরএস’ নিয়ে ক্ষুব্ধ সাঙ্গাকারা
মাঠের আম্পায়ার অনেক সময়ই দিতে পারেন ভুল সিদ্ধান্ত। বিশেষত এলবিডব্লিউর ক্ষেত্রে বলটা সত্যিই স্টাম্পে আঘাত হানত কি না, নিশ্চিত করে বলার উপায় থাকে না আম্পায়ারের। এ সমস্যা সমাধানের জন্যই ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস)। যেখানে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেন ক্রিকেটাররা। টেলিভিশন রিপ্লে দেখে সঠিক সিদ্ধান্তটি জানাতে পারেন থার্ড আম্পায়ার। কিন্তু এত কিছুর পরও বিতর্কের অবসান ঘটছে না। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে চলমান লর্ডস টেস্টের একটি ঘটনা আবার নতুন করে উসকে দিয়েছে ডিআরএস বিতর্ক।
লর্ডস টেস্টের প্রথম দিনে ১৫৪ রান সংগ্রহ করতেই পাঁচটি উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। ১৮৪ রানের মাথায় ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটও তুলে নিতে পারত শ্রীলঙ্কা। শামিন্দা ইরাঙ্গার বল লেগেছিল জনি বেয়ারস্টোর প্যাডে। এলবিডব্লিউর জোরালো আবেদন করেছিলেন লঙ্কান ক্রিকেটাররা। কিন্তু এই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। সন্তুষ্ট হতে না পেরে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস আশ্রয় নেন ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস)। টেলিভিশন রিপ্লে থেকে দেখা যায়, বলটি বেয়ারস্টোর প্যাডে না লাগলে আঘাত করত লেগস্ট্যাম্পে। নিয়ম অনুযায়ী সেটা আউটই দেওয়ার কথা ছিল আম্পায়ারদের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জানানো হলো, বহাল থাকবে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। অর্থাৎ নটআউট! সে সময় বেয়ারস্টো ব্যাট করছিলেন ৫৬ রান নিয়ে। কিন্তু বিতর্কিত এই সিদ্ধান্তে জীবন পেয়ে শেষ পর্যন্ত তিনি খেলেছেন শতরানের ইনিংস। দিন শেষে অপরাজিত আছেন ১০৭ রান নিয়ে।
আইসিসির ডিআরএসের নিয়ম অনুযায়ী, মাঠের আম্পায়ার যদি নটআউটের সিদ্ধান্ত দেন, তাহলে রিভিউয়ে সেটা বদলাতে গেলে বলের অন্তত ৫০ শতাংশ অংশ আঘাত হানতে হবে স্টাম্পে। বেয়ারস্টোর ক্ষেত্রে দেখা গেছে, বলের অর্ধেক অংশ ছিল স্টাম্পের বাইরের দিকে। ফলে অল্পের জন্য বেঁচে গেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নটআউট ঘোষণা করেছেন থার্ড আম্পায়ারও।
আর এ সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ হয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। ডিআরএস সিস্টেমের তীব্র বিরোধিতা করে তিনি টুইটারে লিখেছেন, ‘মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত কী ছিল, সেটা বিবেচনা করা উচিত না আইসিসির। বল যদি স্টাম্পে আঘাত হানে, তাহলে সেটা আউটই দেওয়া উচিত। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত যা-ই হোক না কেন।’
ক্রিকেট কমিটির সুপারিশে ডিআরএসে বদল আনার পরিকল্পনাও অবশ্য চলছে আইসিসিতে। নতুন নিয়ম কার্যকর হলে বলের অন্তত ২৫ শতাংশ অংশ স্টাম্পে আঘাত হানলেই আউট দিতে পারবেন আম্পায়াররা। চলতি মাসে আইসিসির বার্ষিক সভায় আলোচনা হওয়ার কথা ডিআরএসের এ নিয়ম নিয়ে।

স্পোর্টস ডেস্ক