‘নির্বাচনের পর ইউ-টার্ন নেবে পাকিস্তান’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানো একমাত্র দেশ পাকিস্তান। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না তারা।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের পরই পাকিস্তান তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলবে (ইউ-টার্ন নেবে) বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রধান নির্বাচক চেতন শর্মা। খবর এনডিটিভি-এর।
চেতন শর্মা বলেন, ‘পাকিস্তানের সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক। বাংলাদেশের নির্বাচন শেষ হয়ে গেলে, পাকিস্তান তাদের অবস্থান পরিবর্তন করবে। আইসিসি এবং পাকিস্তানের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।’
সেসময় পাকিস্তানের বিবৃতি কেমন হবে সেই ধারণাও দিয়েছেন চেতন শর্মা। তিনি বলেন, তখন একটি বিবৃতি দিয়ে বলা হবে- “জনমতকে সম্মান জানিয়ে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়, পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে।” নির্বাচনের পর হয়তো সেনাপ্রধানও বলবেন, খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত এবং ম্যাচ হওয়া দরকার।’
এমন দাবি করার যুক্তিও তুলে ধরেন চেতন শর্মা। তার দাবি, ভারতের বিপক্ষে না খেলার বিষয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এখনো আইসিসিকে কিছু জানায়নি।
চেতন বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তান আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার আগপর্যন্ত এমন বক্তব্যের কোনো মূল্য নেই। যে কেউ অবসর ঘোষণা করতে পারে, কিন্তু আনুষ্ঠানিকভাবে না জানালে কিছুই বদলায় না। এখানে আসলে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্রিকেট আর ক্রিকেটাররা।’
এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার ঘোষণা দেয়, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’

স্পোর্টস ডেস্ক