পাকিস্তানকে শ্রীলঙ্কার অনুরোধ, যে জবাব দিল পিসিবি
সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত বিশ্বকাপ হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। তবে মাঠের খেলা নয়, মাঠের বাইরের আলোচনাই সবটা জুড়ে। যার শুরুটা ছিল বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে। আইসিসি বাংলাদেশের পরিবর্তে আমন্ত্রণ জানায় স্কটল্যান্ডকে।
আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে। ফলে এই ম্যাচটি না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। যে কারণে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করেছে শ্রীলঙ্কা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইটমস অব ইন্ডিয়া জানায়, পাকিস্তানকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করে চিঠি পাঠিয়েছে শ্রীলঙ্কা। তবে পাকিস্তান শ্রীলঙ্কার অনুরোধ রাখতে পারছে না বলে জানিয়েছে।
পিসিবির একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানায়, ‘হ্যাঁ, আমরা চিঠিটি পেয়েছি। কিন্তু সরকারের সিদ্ধান্ত তো আমরা বদলাতে পারি না। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।’
এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। কিন্তু ২১ দিনের দীর্ঘ আলোচনা শেষে আইসিসি জানায় ভারতে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা শঙ্কা নেই। যে কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া সম্ভব না।
শুরু থেকেই আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি প্রধান মহসিন নাকভি আইসিসির এই সিদ্ধান্তকে ‘দ্বিচারিতা’ হিসেবে উল্লেখ করেন।
এর প্রতিবাদে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। গত রোববার পাকিস্তান সরকার ঘোষণা দেয়, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’

স্পোর্টস ডেস্ক