অস্ট্রেলিয়ার হারে শীর্ষে ভারত
দারুণ জমে উঠেছে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান দখলের লড়াই। শীর্ষে থেকে শ্রীলঙ্কা সফর শুরু করলেও বড়সড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে হারিয়েছে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান। এ বছরের ফেব্রুয়ারির পর আবার শীর্ষস্থান দখল করেছে ভারত।
শ্রীলঙ্কা সফরের শুরুতেই অস্ট্রেলিয়ার হাতে তুলে দেওয়া হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। কিন্তু খুব বেশি দিন সেটা নিজেদের দখলে রাখতে পারলেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশের পর তাদের রেটিং দাঁড়িয়েছে ১০৮। ফলে অস্ট্রেলিয়াকে নেমে যেতে হয়েছে তৃতীয় স্থানে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুটি টেস্ট জিতে ভারত চলে গেছে শীর্ষস্থানে।
অবশ্য ভারত এই শীর্ষস্থান ধরে রাখতে পারবে কি না, তা নির্ভর করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের শেষ টেস্টটির ফলাফলের ওপর। এই ম্যাচে ভারত যদি জিততে না পারে তাহলে প্রথমবারের মতো টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানে যাওয়ার গৌরব অর্জন করবে পাকিস্তান। ইংল্যান্ড সফরে গিয়ে ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করার পর পাকিস্তান আছে ভারতের ঠিক পেছনে। ১১১ রেটিং নিয়ে পাকিস্তানের অবস্থান দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার পরে চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। দুই দলেরই রেটিং অবশ্য ১০৮।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা ছিল সপ্তম স্থানে। ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর শ্রীলঙ্কা সংগ্রহ করেছে ১০ রেটিং। দক্ষিণ আফ্রিকাকে টপকে উঠে এসেছে ষষ্ঠ স্থানে। শ্রীলঙ্কার মোট রেটিং ৯৫।
৫৭ রেটিং নিয়ে বাংলাদেশ আছে নবম স্থানে। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৬৫।

স্পোর্টস ডেস্ক