আইএল টি-টোয়েন্টিতে ২০ মাস নিষিদ্ধ নাভিন
সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) আগামী দুই আসরে খেলতে পারবেন না আফগান পেসার নাভিন-উল-হক। শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তির শর্ত লঙ্ঘনের দায়ে টুর্নামেন্টটিতে এই পেসারকে ২০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইএল টি-টোয়েন্টিতে এবারও শারজাহ ওয়ারিয়র্সে খেলার কথা ছিল নাভিনের। রিটেনশন লিস্টেও নাম ছিল তার। কিন্তু, তাদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করায় নিষিদ্ধ করা হয় নাভিনকে। ফলে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আসরে খেলতে পারবেন না তিনি। খেলতে পারবেন না ২০২৫ সালের আসরেও।
২০২৩ সালের লিগের জন্য নাভিনকে চুক্তিবদ্ধ করেছিল ওয়ারিয়র্স। এক বিবৃতিতে আইএল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ জানায়, নাভিনের কাছে এই বছর একই শর্ত ও পরিস্থিতির কথা উল্লেখ করে রিটেনশন লিস্ট পাঠিয়েছিল তারা। তবে কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে আইএল কর্তৃপক্ষকে বিষয়টি সমাধানের আহ্বান জানায় দলটি।
এরপর প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, নিরাপত্তা ও দুর্নীতিবিরোধী প্রধান কর্নেল আজম এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের সদস্য জায়েদ আব্বাসকে নিয়ে গঠন করা হয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি। নাভিনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে তাকে নিষিদ্ধ করেন তারা।
আইএল টি-টোয়েন্টির সর্বশেষ মৌসুমে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন নাভিন। ৯ ম্যাচে ২৪ দশমিক ৩৬ গড়ে ১১ উইকেট নিয়েছেন তিনি। ২০২৩ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আফগানিস্তানের এই পেসার।

স্পোর্টস ডেস্ক