সিরিজ হারের পর শাস্তি পেলেন জ্যোতি
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে তো হোয়াইটওয়াশই হয়েছে টাইগ্রেসরা। এবার মাঠে মেজাজ হারানোর ঘটনায় শাস্তির মুখে পড়লেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আজ সোমবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্যোতিকে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মাঠে অশোভন আচরণ করায় জ্যোতিকে তিরস্কার করেছে আইসিসি। একই সঙ্গে জ্যোতির নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
সিলেটে গত শনিবার লঙ্কানদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে জয়ের খুব কাছে গিয়েও হেরে যায় বাংলাদেশ। সেই উত্তেজনাকর মুহূর্তেই মেজাজ ধরে রাখতে পারেননি টাইগ্রেস অধিনায়ক।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় মাত্র ৯ ওভারে। ৮৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪ রান। ওভারের প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন জ্যোতি। গুরুত্বপূর্ণ সময়ে আউট হওয়ার হতাশা থেকে মাঠ ছাড়ার আগে রাগে নিজের ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন তিনি।
আইসিসির আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, ম্যাচ চলাকালীন খেলার সরঞ্জাম (ব্যাট, প্যাড বা পোশাক) কিংবা মাঠের কোনো জিনিসের অপব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। জ্যোতি সেই নিয়ম ভাঙায় ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাস এই শাস্তির ঘোষণা দেন।
ম্যাচ শেষে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন জ্যোতি। তিনি ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তবে ব্যক্তিগত শাস্তির চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে দলের হার। শেষ পর্যন্ত ৩ রানে হেরে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
শুধু অধিনায়ক জ্যোতিই নন, এই সিরিজেই আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন আরও দুই ক্রিকেটার। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শাস্তি পান স্পিনার নাহিদা আক্তার ও ব্যাটার শারমিন সুলতানা। তাদের দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক