সমালোচনার জবাব দিলেন জ্যোতি
বাংলাদেশ নারী দলের দুই ফরম্যাটের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গত কয়েকবছর ধরে বেশ ভালোভাবেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। সেখানেও টাইগ্রেসদের অধিনায়ক তিনি।
তবে বিশ্বকাপে যাওয়ার আগে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। সম্প্রতি সামনে এসেছে, চোটে ভুগছেন জ্যোতি। এ নিয়ে সাবেক কয়েকজন ক্রিকেটার বেশ কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের প্রশ্ন, চোটে আক্রান্ত ক্রিকেটার কিভাবে বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন।
বিশ্বকাপের বিমান ধরার আগে আজ রোববার (২৪ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জ্যোতি। সেখানেই ব্যাখ্যা দিয়েছেন নিজের চোটের। জ্যোতির ভাষ্য, তার এই চোট নতুন নয়, ৮-৯ বছর পুরোনো।
জ্যোতি বলেন, ‘২০১৭ সালে থেকে আমার ডান হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছে । আমি এত বছর ধরে খেলছি কেউ কি এটা জানতে পেরেছে? না ৷ আমি তো ক্রিকেট খেলে এসেছি। সম্প্রতি কেন এই জিনিসগুলো আসছে আমি জানি না ৷’
এরপর নিজের ফর্ম নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি যেখানে ব্যাট করি এটা অনেক জরুরি। আগে যেভাবে ব্যাট করে এসেছি সেভাবে করতে পারিনি গত কয়েক ম্যাচে। তবে আমার নিজের প্রতি বিশ্বাস আছে, যেভাবে অনুশীলন করছি, এখন কেবল মোমেন্টামের অপেক্ষায়।’

স্পোর্টস ডেস্ক