বিশ্বকাপে না থাকা নিয়ে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
এই সময়ে ব্যাট-বল হাতে প্রস্তুত হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। আর তিনদিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ, বাংলাদেশের ক্রিকেটাররা এখন নিজেদের ঝালাই করছেন ঘরোয়া এক টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য। পুরুষ দল যখন বিশ্বকাপে নেই, নারীরা দেশে ফিরেছে মূলপর্বে জায়গা করে।
আগামী ১২ জুন-৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। সেখানে চ্যাম্পিয়ন হয়েই যাচ্ছে বাংলাদেশ। নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। জিতেছেন সাত ম্যাচের প্রতিটিতে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নেপাল থেকে দেশে ফিরেছে নারী দল। বিমানবন্দরে গণমাধ্যমের সামনে কথা বলেন অধিনায়ক জ্যোতি। মেয়েদের সাফল্যের পাশাপাশি অবধারিতভাবে এসেছে পুরুষদের বিশ্বকাপে না থাকার প্রসঙ্গ। বাংলাদেশ অধিনায়ক একে হতাশাজনক হিসেবে আখ্যা দিয়েছেন।
জ্যোতি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপে খেলা একজন খেলোয়াড়ের জন্য অনেক বড় বিষয়। সেখানে খেলতে না পারার অনেক কারণ আছে। অবশ্যই খারাপ লাগে। কিন্তু এই সময় আসলে এগুলো নিয়ে কথা না বলাই ভালো। এখন যেটা হচ্ছে, এটা আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার মতে, এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত।’
ছেলেরা না পারলেও চলতি বছর অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তবে, আসরের আয়োজক ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা নেই এই দলের কারও। সেটি নিয়ে জ্যোতি বলেন, ‘আমাদের দলের কারও আসলে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা নেই। আমরা কেউ ওখানে খেলিনি। তবে, আমরা রোমাঞ্চিত। এখন থেকেই চিন্তা করছি, কীভাবে নিজেদের আমরা প্রস্তুত করব।’

স্পোর্টস ডেস্ক