আইপিএল থেকে বাদ পড়ে কোচকে যা বলেছিলেন মুস্তাফিজ
বিশ্ব ক্রিকেট এখন সরগরম। শেষ কবে মাঠের বাইরের বিষয় নিয়ে এতটা উত্তপ্ত ছিল ক্রিকেটপাড়া, তা বের করতে বেগ পেতে হবে। শুরুটা মুস্তাফিজুর রহমানকে দিয়ে। অন্যায়ভাবে তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এই সময়টাতে ঘরের মাঠে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে তিন দলের টুর্নামেন্ট। এর আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
আইপিএল ইস্যুতে মুস্তাফিজ কী বলেছিলেন, তা নিয়ে কখনও মুস্তাফিজের মুখ থেকে প্রতিক্রিয়া পায়নি গণমাধ্যম। থেকেছে কৌতূহল, তিনি আসলে কী বলেছিলেন? সালাউদ্দিন আজ সেই কৌতূহল মেটালেন কিছুটা। সালাউদ্দিন বলেন, ‘প্রশ্নটা আমি নিজেই মুস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে তুমি কী ফিল করছো? সে বলেছে, লেট ইট গো। যেটা চলে গেছে, চলে গেছে।’
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে অংশ নেবে তিনটি দল। ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশে ভাগ হয়ে খেলবেন ক্রিকেটাররা। মুস্তাফিজ খেলবেন ধুমকেতুর হয়ে, যে দলের প্রধান কোচ হিসেবে আছেন সালাউদ্দিন। তার সহকারী হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে।

স্পোর্টস ডেস্ক