ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন স্টিভেন স্মিথ
এতদিন আইপিএল বা বিগ ব্যাশে রাজত্ব করলেও এবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) দেখা যাবে অস্ট্রেলিয়ার ব্যাটিং দানব স্টিভেন স্মিথকে। টুর্নামেন্টের নতুন দল শিয়ালকোট স্ট্যালিয়ন্সের জার্সিতে মাঠ মাতাবেন ৩৫ বছর বয়সী এই তারকা। পিএসএলের আসন্ন আসরের জন্য প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তিতে স্মিথকে দলে নিয়েছে তারা।
অস্ট্রেলিয়ার জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন অনিয়মিত হলেও ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে আছেন স্মিথ। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। প্রায় ১৬৮ স্ট্রাইক রেটে ২৯৯ রান করে নিজের জাত চিনিয়েছেন। নামের পাশে লিখিয়েছেন একটি সেঞ্চুরি আর দুটি হাফসেঞ্চুরি। মূলত এই দুর্দান্ত পারফরম্যান্স দেখেই তাকে লুফে নিয়েছে শিয়ালকোট।
শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজির মালিক পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ব্যবসায়ী হামজা মাজেদ বড় বাজেটে দল সাজাচ্ছেন। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) স্মিথের যোগ দেওয়ার খবর নিশ্চিত করে পেইন লিখেছেন, ‘সর্বকালের অন্যতম সেরা একজন খেলোয়াড় এখন আমাদের দলে। এটি আমাদের ফ্র্যাঞ্চাইজি এবং পুরো পিএসএলের জন্যই এক বিশাল খবর।’
আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে পিএসএলের এবারের আসর। এর আগে আগামী ১১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো নিলামের মাধ্যমে দল গোছাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
নতুন নিয়মে, এবার সরাসরি চুক্তিতে একজন খেলোয়াড় নেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা কাজে লাগিয়ে স্মিথকে দলে ভিড়িয়েছে শিয়ালকোট।
প্রতিটি দল ১৬ থেকে ২০ জন ক্রিকেটারকে স্কোয়াডে রাখতে পারবেন। এর মধ্যে ৫ থেকে ৭ জন বিদেশি ক্রিকেটার রাখবেন পারবেন। এছাড়া প্রতিটি দলে একজন করে অনূর্ধ্ব-২৩ পাকিস্তানি ক্রিকেটার রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক