অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
টানা হারে জর্জর বাংলাদেশ মাঠে নেমেছে জয়ের খোঁজে। নারী ওয়ানডে বিশ্বকাপে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশাখাপত্তনমে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটার অবশ্য অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সু্বিচার করতে পারেনি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১৯৮ রান।
মোটামুটি ভালো একটা সূচনা এনে দেন দুই ওপেনার রাবেয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক। উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। ২৪ বলে ৮ রান করে নবম ওভারে বিদায় নেন ফারজানা। ঝিলিক একপ্রান্তে অবিচল থাকেন। সাজঘরে ফেরার আগে ৮টি চারে তার ব্যাট থেকে আসে ৫৯ বলে ৪৪ রান।
ছন্দে থাকা শারমিন আক্তার সুপ্তা এদিন ব্যর্থ হয়েছেন। ৩৩ বলে ১৯ রান করে বিলিয়ে আসেন উইকেট। হাসেনি জ্যোতির ব্যাটও। মাত্র ১২ রান করেন তিনি। বিনিময়ে খেলেন ৩৫ বল। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে আসা-যাওয়ার মিছিল শুরু হয় বাংলাদেশ শিবিরে। মিডল অর্ডার ও লোয়ার অর্ডার গুটিয়ে যায় দ্রুত।
শেষ পাঁচ ব্যাটার আউট হন এক অঙ্কের রানে। মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে পাঁচজন মিলে তোলেন মোটে ২০ রান। তাদের নিয়েই এক দিকে লড়াই চালিয়ে যান সোবহানা মুস্তারি। তুলে নেন ফিফটি। ৯টি চারে ৮০ বলে ৬৬ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন মুস্তারি। ৪ বলে ১ রানে অপরাজিত থাকেন ফারিহা তৃষ্ণা।
অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট পান অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়ারেহাম, আলানা কিং ও অ্যানাবেল সাদারল্যান্ড। এক উইকেট পান মেগান স্কাট।

স্পোর্টস ডেস্ক