একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। সিলেটে ইনিংস ব্যবধানে জয়ের সেই ম্যাচটিতে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে টাইগাররা। মিরপুরে বাংলাদেশের লক্ষ্য এখন আইরিশদের হোয়াইটওয়াশ করা। এমন ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
আজ বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। আগের ম্যাচে খেলা দুই পেসার হাসান মাহমুদ আর নাহিদ রানার বদলে এই ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
বাংলাদেশের জন্য সিরিজ জয়ের চেয়েও অন্য কারণে বিশেষ গুরুত্বপূর্ণ এই টেস্ট ম্যাচটি। কারণ এই ম্যাচ দিয়েই দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ক্রিকেটের অভিজাত এই সংস্করণে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ

স্পোর্টস ডেস্ক