টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন দৃশ্য আগে কখনো দেখেনি বিশ্ব। এক ওভার বল করলেন, আর তাতেই তুলে নিলেন প্রতিপক্ষের পাঁচ পাঁচটি উইকেট! অবিশ্বাস্য এই কীর্তি গড়ে বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার ২৮ বছর বয়সী পেসার গেদে প্রিয়ানন্দ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কম্বোডিয়ার বিপক্ষে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন তিনি।
ম্যাচে ইন্দোনেশিয়ার দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করছিল কম্বোডিয়া। ১৫তম ওভারের আগ পর্যন্ত তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০৬ রান। কিন্তু প্রিয়ানন্দর ওই এক ওভারেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে কম্বোডিয়ার ব্যাটিং লাইনআপ।
নিজের প্রথম ওভার করতে এসে প্রথম তিন বলেই হ্যাটট্রিক পূর্ণ করেন এই ডানহাতি পেসার। চতুর্থ বলটি ডট দিলেও পরের দুটি উইকেট তুলে নিতে ভুল করেননি তিনি। ওই ওভারে একটি ওয়াইড হলেও, মাত্র ৬ বলের ব্যবধানে পাঁচ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দলকে ৬০ রানের বড় জয় এনে দেন প্রিয়ানন্দ।
আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথম ঘটনা হলেও স্বীকৃত টি-টোয়েন্টিতে এমন নজির আগেও দেখা গেছে। এর আগে পুরুষ টি-টোয়েন্টিতে দুবার এক ওভারে পাঁচ উইকেট পড়ার ঘটনা ঘটেছিল। যার একটি করেছিলেন বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন। ২০১৩-১৪ মৌসুমে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে আবাহনীর বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। অন্যটি করেছিলেন ভারতের অভিমন্যু মিথুন, ২০১৯-২০ মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাতায় এতদিন এক ওভারে সর্বোচ্চ ৪ উইকেট পড়ার রেকর্ড ছিল ১৪টি। এবার সেই সব রেকর্ড ছাপিয়ে এককভাবে শীর্ষে উঠে এলেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ানন্দ।
ম্যাচে বল হাতে ইতিহাস গড়ার আগে ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে ১১ বলে ৬ রান করেন প্রিয়ানন্দ। তবে দলের জয়ে বড় অবদান রাখেন আরেক ওপেনার ধর্ম কেসুমা। তার ৬৮ বলে সাজানো ১১০ রানের (৮ চার ও ৬ ছক্কা) অপরাজিত ঝড়ো ইনিংসেই বড় সংগ্রহ পায় ইন্দোনেশিয়া।

স্পোর্টস ডেস্ক