বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
ক্রিকেটপ্রেমীদের উৎসবের উপলক্ষ এনে দিতে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স আর রাজশাহী ওয়ারিয়র্স।
শুরুতে ২৪ ডিসেম্বর ঢাকায় জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান করতে চেয়েছিল বিসিবি। কিন্তু নিরাপত্তা ইস্যুর কারণে সেটি আর করতে পারেনি বিসিবি। বাধ্য হয়ে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে বিপিএল গভর্নিং কাউন্সিল।
পরে অবশ্য সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনে বিপিএল গভর্নিং কাউন্সিল। খেলা শুরুর আগে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা জানায় তারা। ছোট পরিসরে হলেও দুই ভাগে ভাগ করা হয়েছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে।
দুপুর ৩টায় শুরু হবে বিপিএল। এর আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমপর্বে। এই অংশে শহীদ শরীফ ওসমান হাদির স্মারণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর সমন্বিত সুরে গাওয়া হবে বাংলাদেশের জাতীয় সংগীত। থাকছে কোরআন তিলাওয়াত।
এরপর রেকর্ড ২৫ হাজার বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর বিপিএলে প্রথমবারের মতো হবে ডে লাইট ফায়ারওয়ার্কস বা পোড়ানো হবে আতশবাশি।
অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ হবে উদ্বোধনী ম্যাচ শেষে। যেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। বিপিএলে অংশ নিতে যাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পড়ে শিল্পীরা নাচ পরিবেশন করবেন। দেখা যাবে অভিনেত্রী তানজিন তিশাকে। নাচের সঙ্গে গানও শোনার সুযোগ পাবেন দর্শকরা।
ফুয়াদ আল মুকতাদিরের কোরিওয়াগ্রাফি ও কম্পোজিশনে হবে গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের সেই অনুষ্ঠান শেষে মাঠে গড়াবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ।

স্পোর্টস ডেস্ক