‘বিশ্বকাপ খেলতে ভারতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশের ক্রিকেটাররা’
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে আইপিএলের আগামী আসরের দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তিন দলের লড়াই শেষ কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভিড়িয়েছিল। কিন্তু দল পাওয়ার পর থেকেই মুস্তাফিজকে না খেলাতে হুমকি দিয়ে আসছিল ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা।
আজ শনিবার (৩ ডিসেম্বর) জানা গেল, মুস্তাফিজকে ছেড়ে দিতে কেকেআরকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এজন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতি দেবে তারা। খবর বার্তা সংস্থা এএনআই।
মুস্তাফিজ ইস্যুতে এবার কথা বললেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও বিএনপি নেতা আমিনুল হক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আমিনুল বলেন, ‘মুস্তাফিজের ইস্যুর পরে সামনের বিশ্বকাপে ভারতে গিয়ে খেললে আমাদের ক্রিকেটাররাও ঝুঁকিতে থাকবে। আশা করব, বিসিবি সেটা নিয়ে কথা বলবে।’
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। লড়তে হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপের বাকি দুই দল হলো- নেপাল আর প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি।
বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই রাখা হয়েছে ভারতে। নিজেদের প্রথম তিন ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেনে। গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলবে মুম্বাইয়ে।
প্রসঙ্গত, মুস্তাফিজুর রহমান আইপিএলে দল পাওয়ার পর থেকেই হুমকি দিয়ে আসছিল ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা। ফিজকে দল থেকে বাদ দিতে শাহরুখ খানের কাছে অনুরোধ জানিয়েছিলেন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। টাইগার পেসারকে হুমকিও দিয়ে রেখেছিলেন তিনি।
এএনআইকে সঞ্জয় নিরুপম বলেছেন, যখন পুরো ভারত বাংলাদেশের ওপর রাগান্বিত ও ক্ষুব্ধ, এমনকি বাংলাদেশি কারও সঙ্গে ভারতীয় কোনো নাগরিকের ন্যূনতম সংযোগ নেই, ফলে তাদের কেউ এলে সেই আক্রোশের শিকার হবেন।
মুস্তাফিজকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়ে সঞ্জয় বলেন, যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার শাহরুখ খানের দলে থাকে, তিনি মেজর টার্গেট হওয়ার আগেই আমাদের অনুরোধ তাকে যেন বাদ দেওয়া হয়। এটি তার নিজের জন্যই ভালো হবে এবং তাতে ভারতের স্বার্থও রক্ষা হবে।
অন্যদিকে, উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোমও হুমকি দিয়ে রেখেছেন। ফিজকে বিমানবন্দরের বাইরে পা রাখতেই দেবেন না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক