বিশ্বকাপের আগে ভারত শিবিরে দুঃসংবাদ
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক মাস বাকি। আসন্ন বিশ্বকাপের আয়োজক ভারত। কিন্তু, সময়টা ভালো যাচ্ছে না তাদের। এক মুস্তাফিজুর রহমান ইস্যুতে টালমাতাল পরিস্থিতি। এবার জাতীয় দলেও পড়েছে ছাপ। দলের একজন খেলোয়াড়কে হারানোর শঙ্কা রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছেন তিলক ভার্মা। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এমন খবর দিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বাদ পড়লে সেটি দুঃসংবাদ হয়েই আসবে ভারতীয় শিবিরে। গতকাল ‘টেস্টিকুলার টর্শন’সার্জারি (অণ্ডকোষের মোচড়ের জন্য অস্ত্রোপচার) করিয়েছেন তিলক। যে কারণে আগামী কয়েক সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।
৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফির ম্যাচে বাংলা দলের বিপক্ষে খেলতে নেমে চোট পান তিলক। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৫ বলে ৩৪ রান করেন। পরদিন (গতকাল) ব্যথা অনুভব করলে দ্রুত অস্ত্রোপচার করানো হয়।
আগামী ২১ জানুয়ারি থেকে নাগপুরে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজ। যেখানে তিলকের বদলি ক্রিকেটাও নেওয়ার কথা ভাবছে বিসিসিআই। চিকিৎসকরা অবশ্য বিশ্বকাপের আগে তিলকের সেরে ওঠার ব্যাপারে আশাবাদী।
গত ছয় মাসে তিলক ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত বছর ১৮টি ইনিংসে ৪৭.২৫ গড় এবং ১২৯.১৫ স্ট্রাইক রেটে তিনি ৫৬৭ রান করেছেন তিলক।

স্পোর্টস ডেস্ক