ভিনিসিয়াসের জন্য এমবাপ্পের অনুরোধ
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সময়টা ভালো যাচ্ছে না। ইতোমধ্যে চলতি মৌসুমে একটি শিরোপা হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার কাছে। বাজে পারফরম্যান্সের কারণে বিদায় দেওয়া হয়েছে দলটির কোচ শাবি আলোন্সোকে।
তবে দলের এই খারপ সময়ের জন্য রিয়াল মাদ্রিদ সমর্থকদের অনেকেই দায়ী করছেন দলটির ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে। নিজ দলের সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনতে হচ্ছে ভিনিসিয়াসকে।
এবার দলের খারাপ সময়ের জন্য ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে এককভাবে দোষ না দিতে রিয়াল মাদ্রিদ সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এই ফরাসি ফরোয়ার্ডের মতে, দলের বর্তমান পরিস্থিতির দায় কোনো একজন খেলোয়াড়ের নয়, বরং পুরো দলের।
চ্যাম্পিয়ন্স লিগে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে নিজের সাবেক ক্লাব মোনাকোর মুখোমুখি হবে এমবাপ্পের রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে ভিনিসিয়াসের প্রতি সমর্থকদের আচরণ নিয়ে নিজের অস্বস্তি প্রকাশ করেন এমবাপ্পে।
এমবাপ্পে বলেন, ‘সমর্থকদের ক্ষোভ আমি বুঝতে পারছি, কারণ প্রত্যাশা অনুযায়ী আমাদের পারফরম্যান্স হচ্ছে না। কিন্তু আমার কাছে খারাপ লেগেছে যখন নির্দিষ্ট কোনো একজন খেলোয়াড়কে লক্ষ্য করে দুয়ো দেওয়া হয়। যদি দুয়ো দিতেই হয়, তবে পুরো দলকে দেওয়া উচিত। এখন আমরা যে ফুটবল খেলছি, তার জন্য একা ভিনিসিয়াস দায়ী নয়।’
গত কয়েক ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের একাংশ ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে দুয়ো দিয়েছে। গত শনিবার লেভান্তের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচেও গ্যালারি থেকে দুয়ো শুনতে হয়েছে এই ব্রাজিলিয়ান তারকা ও জুড বেলিংহ্যামকে।
ম্যাচের আগে লাইনআপ ঘোষণার সময় দর্শকদের এমন আচরণে ভিনিসিয়াসকে বেশ বিষণ্ণ দেখাচ্ছিল। সে সময় এমবাপ্পে নিজেই তাকে সান্ত্বনা দেন।
ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়ে এমবাপ্পে আরও বলেন, ‘ভিনি আমাদের মতোই একজন মানুষ। সে চমৎকার একজন খেলোয়াড় এবং খুব ভালো মনের মানুষ। আমাদের সবার দায়িত্ব তাকে আগলে রাখা। যখন সে খুশি মনে নিজের সেরা ছন্দে থাকে, তখন সে বিশ্বের সেরা ফুটবলারদের একজন।’
এমবাপ্পে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে একজনের দিকে আঙুল তুলবেন না। মাঠে পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা আমাদের পুরো দলেরই আছে। আমরা সবাই ভিনিসিয়াসের সঙ্গে আছি।’

স্পোর্টস ডেস্ক