বিশ্বকাপ বয়কট নিয়ে পাকিস্তানকে যে পরামর্শ দিলেন ওয়াসিম আকরাম
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করে স্কটল্যান্ডকে বিশ্বকাপে ডেকেছে আইসিসি।
বাংলাদেশের অবস্থানের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ইঙ্গিত দিয়েছিলেন, পাকিস্তানও এই বিশ্বকাপ বয়কট করতে পারে। বিষয়টিকে পিসিবির ‘আবেগপ্রবণ’ সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন দেশটির সাবেক তারকা ওয়াসিম আকরাম।
সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে ওয়াসিম আকরাম বলেন, ‘বাংলাদেশ খেলতে চায় না বলে কেন পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য এ যাবৎকালে কী করেছে? আমি এর কোনো মানে দেখি না। পাকিস্তান ক্রিকেটের উচিত নিজেদের দিকে নজর দেওয়া। খেলার ওপর মনোযোগ দাও এবং বিশ্বকাপ জেতার চেষ্টা করো।’
আকরামের মতে, অন্য দেশের রাজনৈতিক বা নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে, তবে আইসিসির কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে দেশটি। এতে কেবল পাকিস্তান ক্রিকেটেরই ক্ষতি হবে।
এদিকে, বাংলাদেশ বাদ পড়ার পর আইসিসির কঠোর সমালোচনা করেছেন মহসিন নাকভি। তিনি বিষয়টিকে আইসিসির ‘দ্বিচারিতা’ হিসেবে দেখছেন। বিশ্বকাপ বয়কটের বিষয়ে গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।
পিসিবি সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে যে তারা ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেবে কি না।
উল্লেখ্য, বাংলাদেশ অনড় অবস্থানে থাকায় গত শুক্রবার আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এখন পাকিস্তানের সরে দাঁড়ানোর হুমকির পর ক্রিকেট বিশ্বে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্পোর্টস ডেস্ক