পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে খেলবে কোন দল?
নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। টাইগারদের পরিবর্তে আইসিসি বিশ্বকাপে ডেকেছে স্কটল্যান্ডকে।
এরপরই শুরু হয় পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের গুঞ্জন। স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই আভাস দেন বিশ্বকাপ বয়কটের। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এ নিয়ে বৈঠকও করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
গত সোমবার (২৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মহসিন নাকভি জানান, আগামী শুক্রবার অথবা সোমবার বিশ্বকাপ বয়কট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি।
এর মাঝেই গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্ট করে নজর কেড়েছে আইসল্যান্ড ক্রিকেট। তারা মজা করে লিখেছে যে, ২০০৯ সালের চ্যাম্পিয়নরা যদি শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয়, তবে তারা তাদের স্থলাভিষিক্ত হতে প্রস্তুত।
আইসল্যান্ড ক্রিকেট লিখেছেন, ‘পাকিস্তানের উচিত দ্রুত তাদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। তারা যদি ২ ফেব্রুয়ারি নাম প্রত্যাহার করে নেয়, তবে আমরা উড়াল দিতে প্রস্তুত। কিন্তু ৭ ফেব্রুয়ারি কলম্বো পৌঁছানোর ফ্লাইট শিডিউল মেলানো এক লজিস্টিক দুঃস্বপ্ন! আমাদের ওপেনিং ব্যাটার তো আবার অনিদ্রায় (ইনসোমনিয়া) ভুগছেন!’
এই পোস্টে কেফ্লাভিক থেকে কলম্বো যাওয়ার একটি দীর্ঘ ভ্রমণসূচির স্ক্রিনশটও শেয়ার করেছে, যা শেষ মুহূর্তের এই প্রস্তুতির জটিলতাকে তুলে ধরে।
তবে এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ক্রিকেট আইসল্যান্ডের এই পোস্টের বিষয়েও কোনো প্রতিক্রিয়া জানায়নি আইসিসি।

স্পোর্টস ডেস্ক