সমালোচনার মুখে বাবর : টোটকা দিলেন পন্টিং ও শাস্ত্রী
টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর আজমের ব্যাটিং স্টাইল নিয়ে বিতর্ক অনেক পুরোনো। তবে এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তার মন্থর ব্যাটিং সেই বিতর্কে নতুন করে ঘি ঢেলেছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় ১৫ রান করতে বাবর খরচ করেন ১৮ বল। তার এমন ব্যাটিংয়ে চাপে পড়েছিল পুরো দল। শেষ পর্যন্ত ফাহিম আশরাফের ব্যাটে চড়ে পাকিস্তান জয় পেলেও বাবরের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না ক্রিকেট বিশ্লেষকরা।
বাবরের এই অফ-ফর্ম কাটাতে এবং আত্মবিশ্বাস ফেরাতে এগিয়ে এসেছেন দুই কিংবদন্তি— রিকি পন্টিং ও রবি শাস্ত্রী। আইসিসি রিভিউতে আলাপকালে তারা বাবরকে 'টোটকা' দিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, বাবরের ধীরগতির ব্যাটিং সতীর্থদের বিপদ বাড়াচ্ছে। পন্টিং বলেন, ‘আপনি যদি ১৮ বলে ১৫ রান করেন, তাহলে কেবল নিজের ওপর না, অন্যপ্রান্তে থাকা সতীর্থের ওপরও চাপ তৈরি করছেন। অন্য প্রান্তের ব্যাটসম্যান তখন বুঝে যান যে, তাকেই বাউন্ডারি মারার দায়িত্ব নিতে হবে।’
পন্টিংয়ের মতে, বাবরকে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক হতে হবে। তিনি বলেন, ‘বাবরকে অন্তত প্রথম ছয় বলের মধ্যে দুটি বাউন্ডারি মারার চেষ্টা করতে হবে। তা না হলে প্রতিবারই দলের রানের গতি বা মোমেন্টাম নষ্ট হবে।’ এছাড়া বাবরকে চার নম্বরের বদলে তিন নম্বরে খেলানোর পরামর্শও দিয়েছেন তিনি।
ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর মতে, বাবরকে প্রত্যাশার চাপ সামলাতে শিখতে হবে। শাস্ত্রী বলেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে প্রত্যাশার চাপ থাকে। মানুষ আশা করে, সে মাঠে গিয়ে ভালো করবে। সে প্রথম পাঁচ বলের মধ্যে আউট হলেও আমার কোনো সমস্যা নেই। তবে আমি তার মধ্যে দুয়েকটা বাউন্ডারি মারার প্রচেষ্টা দেখতে চাই। ভালো পজিশনে দাঁড়াও, বোলার কী করতে চায় সেটা আন্দাজ করো। তাহলে তুমি আরও ভালো অনুভব করবে এবং পরিস্থিতিও সম্ভবত বদলাবে।’
বাবর আজম বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার হলেও টি-টোয়েন্টি দলে তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই দুই কিংবদন্তি। পন্টিং সরাসরিই বলেছেন, ‘পাকিস্তানকে এখন বড় সিদ্ধান্ত নিতে হবে— বাবরকে তারা একাদশে রাখবে নাকি বাদ দেবে।’
একই সুরে শাস্ত্রীও মনে করিয়ে দিয়েছেন যে, বাবর অভিজ্ঞ ক্রিকেটার হলেও তাকে দ্রুত বর্তমান পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে।

স্পোর্টস ডেস্ক