মাঠে নামার আগে দুঃসংবাদ পাকিস্তান শিবিরে
আর কিছু সময় পরই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে পাকিস্তান। এর আগেই বড় ধাক্কা খেল দলটি। হাঁটুর চোটের কারণে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন দলটির সেরা ব্যাটার বাবর আজম।
বৃহস্পতিবার (৭ মে) দিনগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
পিসিবি জানায়, বাঁ হাঁটুর চোটের কারণে প্রথম টেস্টে বাবর আজমকে পাচ্ছে না তারা। বর্তমানে ডানহাতি এই ব্যাটারের চোটের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। পিসিবি শিগগিরই এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবে বলে জানিয়েছে।
বাবর আজম ছিটকে যাওয়ায় পাকিস্তানের ব্যাটিং স্তম্ভে বড় এক ধাক্কাই বটে। দুই দিন আগেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতে উল্লাস করেছিলেন এই ব্যাটার। পুরো টুর্নামেন্টে ৫৮৮ রান করে তিনি ছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। পিএসএলের সেই দুর্দান্ত ফর্ম জাতীয় দলের জার্সিতেও টেনে আনার অপেক্ষায় ছিলেন তিনি।
সাদা বলের ক্রিকেটে বাবর আজম বর্তমানে স্বপ্নের ফর্মে আছেন। ওয়ানডেতে সর্বশেষ এক ম্যাচ আগেই সেঞ্চুরি করেছেন তিনি। আর সদ্য সমাপ্ত পিএসএলে তাঁর ব্যাট থেকে এসেছে দুটি শতক। যদিও টেস্ট ক্রিকেটে তাঁর সবশেষ ৩০ ইনিংসে কোনো সেঞ্চুরি নেই, তবে সবশেষ ইনিংসেও হাফ সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন তিনি।

স্পোর্টস ডেস্ক