ফিলিস্তিনি শিশুদের আর্তনাদে ব্যথিত গার্দিওলা, বিশ্বনেতাদের বললেন ‘কাপুরুষ’
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ও অসহায় শিশুদের প্রতি সংহতি জানিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা। শিশুদের এই চরম কষ্টের জন্য বিশ্বনেতাদের নীরবতাকে দায়ী করে তাদের ‘কাপুরুষ’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।
বার্সেলোনায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেন ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। সেখানে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী স্কার্ফ ‘কেফিয়াহ’ কাঁধে জড়িয়ে মঞ্চে ওঠেন তিনি। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তিনি তার বক্তব্য শুরু করেন ‘আসসালামু আলাইকুম’ বলে।
টেলিভিশন বা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা শিশুদের করুণ দৃশ্যের কথা স্মরণ করে গার্দিওয়ালা বলেন, গত দুই বছরে যখনই আমি সামাজিক যোগাযোগমাধ্যম বা টেলিভিশনে কোনো শিশুকে দেখি, সেখানে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে তারা আর্তনাদ করছে, ‘আমার মা কোথায়?’ অথচ সে এখনও জানে না কী ঘটেছে।
গার্দিওয়ালা বলেন, আমি সব সময় ভাবি: ‘তারা আসলে কী চিন্তা করছে?’ আমার মনে হয় আমরা তাদের একা ফেলে এসেছি, পরিত্যাগ করেছি। আমি সব সময় কল্পনা করি তারা বলছে- তোমরা কোথায়? এসো আমাদের সাহায্য করো।
বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের সমালোচনা করে গার্দিওয়ালা আরও বলেন, আমরা এখনও তাদের জন্য কিছুই করতে পারিনি। সম্ভবত যারা ক্ষমতায় আছেন তারা কাপুরুষ, কারণ মূলত তারাই নিষ্পাপ তরুণদের পাঠাচ্ছেন অন্য নিষ্পাপ মানুষকে হত্যা করতে।
ফিলিস্তিন ও মানবতার স্বার্থে বিশ্ববাসীকে সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই কোচ।
উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এবং ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, চলমান এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের একটি বড় অংশই শিশু।

স্পোর্টস ডেস্ক