ভারতকে ধাক্কা দিয়ে বিশ্বকাপ ইস্যুতে যে সিদ্ধান্ত পাকিস্তানের
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সেই জল্পনা-কল্পনার অবসান হলো। আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দলকে শ্রীলঙ্কায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলবে না পাকিস্তান।
এক টুইট বার্তায় পাকিস্তান সরকার লিখেছে, পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু, আগামী ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ভারত ম্যাচে পাকিস্তান খেলবে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। টাইগারদের পরিবর্তে খেলতে ডাকা হয় স্কটল্যান্ডকে।
বাংলাদেশের সঙ্গে আইসিসির এই আচরণকে ‘দ্বিমুখী’ নীতি উল্লেখ করেন মহসিন নাকভি। বিশ্বকাপের এই সংকটময় পরিস্থিতিতে শুরু থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক