অপরাজেয় যাত্রা শেষে দেশে ফিরেছে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। জ্যোতি-মুস্তারিরা পুরো বাছাইপর্বে ছিল অপ্রতিরোধ্য। বাংলার মেয়েদের সামনে দাঁড়াতে পারেনি কেউই। গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার সিক্স—অব্যাহত থাকে অপরাজেয় যাত্রা। ৭ ম্যাচের প্রতিটিতে জিতে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সফল এক টুর্নামেন্ট শেষ করে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ১০ দলের টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকে বাংলাদেশ। আগামী ১২ জুন-৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। সেখানে চ্যাম্পিয়ন হয়েই যাচ্ছে বাংলাদেশ।
বাছাইয়ে নিগার সুলতানার দল গ্রুপ পর্বের চারটি ম্যাচই জিতেছিল। সুপার সিক্সেও সেই ধারাবাহিকতা ধরে রাখে। টানা তিন ম্যাচে জয় পায় তারা। কোথাও খুব একটা বেগ পেতে হয়নি। বাংলাদেশকে সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেনি অন্য দলগুলো।
বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সুবহানা মুস্তারি। ৭ ম্যাচে ২৬২ রান আসে তার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে যা সর্বোচ্চ এবং আসরে দ্বিতীয় সর্বোচ্চ। ৭ ম্যাচে ১৯৫ রান আসে অভিজ্ঞ শারমিন আক্তার সুপ্তার ব্যাট থেকে।
বোলিংয়ে বাংলাদেশিদের মধ্যে ৭ ম্যাচে সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন রাবেয়া খান। স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার দুজনই পেয়েছেন ৮টি করে উইকেট। স্বর্ণা ৭ ম্যাচ খেললেও নাহিদা খেলেছেন ৫টি।

ক্রীড়া প্রতিবেদক