মাঠে নামার আগে বড় সুখবর পেল বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগেই বড় সুখবর পেল আইসিসি থেকে।
শুক্রবার (১ মে) দিনগত রাতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নারীদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে। সেখানেই উন্নতি হয়েছে বাংলাদেশ নারী দলের।
নারীদের ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে সাত নম্বরে ওঠে এসেছে বাংলাদেশ। এর আগে আট নম্বরে ছিল টাইগ্রেসরা।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্সকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের পারফরম্যান্সকে ৫০ শতাংশ হিসেবে বিবেচনা করা হয়েছে।
এই হিসাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৪ কমে ৭৩ হলেও অবস্থানের উন্নতি হয়েছে। মূলত পাকিস্তান ৩ রেটিং পয়েন্ট হারিয়ে আট নম্বরে (রেটিং ৭২) নেমে যাওয়ায় বাংলাদেশ সাতে উঠে এসেছে।
র্যাংকিংয়ের শীর্ষ ছয়টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দুইয়ে ইংল্যান্ড, তিনে ভারত, চারে দক্ষিণ আফ্রিকা, পাঁচে নিউ জিল্যান্ড, ছয়ে আছে শ্রীলঙ্কা। অন্যদিকে, আগের মতোই নয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ আর দশে আছে আয়ারল্যান্ড।
অন্যদিকে, এক ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছে স্কটল্যান্ড। দুই ধাপ এগিয়ে জিম্বাবুয়ে ১২ নম্বরে, তিন ধাপ এগিয়ে পাপুয়া নিউ গিনি ১৩ নম্বরে, এক ধাপ এগিয়ে সংযুক্ত আরব আমিরাত ১৪ নম্বরে আছে।
তবে গত তিন বছরে প্রয়োজনীয় ম্যাচ না খেলায় থাইল্যান্ড ও নেদারল্যান্ডস আপাতত র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে।

স্পোর্টস ডেস্ক