মাঠে গড়াল বিসিবির বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত। একটু পর শুরু হবে ম্যাচ। দর্শক নেই খুব একটা। যারা আছেন, বেশিরভাগ শিক্ষার্থী। মিরপুরে খেলা চলছে, বাইরে নেই শোরগোল। ঠিক এই সময়টাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে থাকার কথা ছিল বাংলাদেশের। তা হয়নি।
সেই ক্ষতে প্রলেপ দিতে নতুন টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে হোম অব ক্রিকেট মিরপুরে শুরু হয়েছে তিন দলের 'অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬।' প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ধুমকেতু একাদশ ও দুরন্ত একাদশ।
৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। মাঠের লড়াই শুরুর আগে দর্শকদের বিনোদনের জন্য প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় খেলা শুরু। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসবে এই আসর।
প্রতিটি দলে মোট ১৩ জন করে ক্রিকেটার রাখা হয়েছে। এই টুর্নামেন্টের মাধ্যমে প্রথমবার চালু হচ্ছে ‘ইম্প্যাক্ট সাব’ নিয়মের।
লিটন দাসের নেতৃত্বে খেলবে ‘ধুমকেতু’ একাদশ। এই দলের সবাই জাতীয় দলের ক্রিকেটার। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলবে ‘দুর্বার’ একাদশ। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে খেলবে ‘দুরন্ত’ একাদশ।

ক্রীড়া প্রতিবেদক