বিসিবিকে আল্টিমেটাম, টি-টোয়েন্টি কাপের ফাইনাল বয়কট সাংবাদিকদের
একটি ছবি থেকে ঘটে গেল কত কাণ্ড! ফটো সাংবাদিক তানভীন তামিমের তোলা একটি ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে ই-মেইল পাঠিয়ে সতর্ক করা হয়। এর প্রেক্ষিতে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিক ও ফটোগ্রাফাররা।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক এম. নাজমুল ইসলামের মধ্যে এক ধরনের উত্তেজনাপূর্ণ মুহূর্ত। ফারুক আহমেদের আঙুল তোলা ভঙ্গি এবং পাশে থাকা খালেদ মাসুদ পাইলটের ইশারায় কথা বলার দৃশ্য অনেকের কাছেই বোর্ডের ‘অভ্যন্তরীণ অস্বস্তি’র ইঙ্গিত হিসেবে ধরা পড়ে।
এই ছবি প্রকাশের পর ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ছড়ায় বিসিবির অন্দরমহলে কি বড় কোনো মতানৈক্য তৈরি হচ্ছে? তবে এ ঘটনায় বিতর্ক আরও বাড়ে যখন ছবিটি তোলার অভিযোগে সংশ্লিষ্ট ফটোসাংবাদিককে ই-মেইলের মাধ্যমে কড়া ভাষায় সতর্ক করে বিসিবি।
বোর্ডের এই আচরণের প্রতিবাদ জানিয়ে ক্রিকেট কাভার করা সাংবাদিক ও ফটোজার্নালিস্টরা একযোগে অবস্থান নিয়েছেন। তারা জানিয়েছিলেন, ফাইনাল ম্যাচ শুরুর আগে সন্ধ্যা ৬টার মধ্যে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ না করা হলে তারা ম্যাচের সংবাদ ও ছবি কাভারেজ বর্জন করবেন। এক ঘণ্টার সময়ও বেঁধে দেওয়া হয় বিসিবিকে। নির্ধারিত সময়ে বিসিবির পক্ষ থেকে কোনো বার্তা না আসায় প্রেসবক্স ছাড়েন সাংবাদিকরা।
বিসিবির আয়োজনে অদম্য টি-টোয়েন্টি কাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হয়েছে দুর্বার একাদশ ও ধূমকেতু একাদশ।

ক্রীড়া প্রতিবেদক