ভারতের বিপক্ষে ফিল্ডিং করবে পাকিস্তান, যেমন হলো একাদশ
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কম জল ঘোলা হয়নি। অনিশ্চিত সেই ম্যাচ মাঠে গড়াচ্ছে এবার। দুই চিরপ্রতিদ্বন্দ্বির দ্বৈরথে টস জিতে ফিল্ডিং করবে পাকিস্তান।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ। এর আগে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা।
পাকিস্তানের অধিনায়ক সালমান বলেন, ‘উইকেট কিছুটা আঠালো মনে হচ্ছে, তাই আমাদের ধারণা এটি প্রথম কয়েক ওভার বোলারদের সাহায্য করবে—আমরা সেই সুবিধাটাই নিতে চাই। দল বেশ ফুরফুরে মেজাজে আছে এবং আমরা এই চ্যালেঞ্জটি নিতে মুখিয়ে আছি।’
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা আসলে প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। গত দুটি ম্যাচে আমরা রান ডিফেন্ড করে (ব্যাট করে) জিতেছি, তাই আমরা সেই ধারা বদলাতে চাই না। এটি একটি বড় আসর এবং ম্যাচটির গুরুত্ব অনেক বেশি।’
নানা জল্পনা-কল্পনার এই ম্যাচে ফেভারিট হয়েই মাঠে নামছে ভারত। অন্তত পরিসংখ্যান তাদের এগিয়ে রাখছে। দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় সবগুলোতেই হেরেছে পাকিস্তান। গত বছর এশিয়া কাপে তিনবারের দেখায় হেরেছে সবগুলোতে। ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে পাকিস্তান।
পরিসংখ্যান বলছেন, এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ১৭ বারের দেখায় ভারত জিতেছে ১৩ বার। বিপরীতে পাকিস্তানের জয় মাত্র তিনবার। একটি ম্যাচ টাই হয়েছে। পুরোনো রেকর্ড ভেঙে তাই ম্যাচে ফেরার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাকিস্তানের জন্য।
ভারতের একাদশ
সূর্যকুমার যাদব (অধিনায়ক), ইশান কিষাণ, অভিশেক শর্মা, তিলাক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তানের একাদশ
সালমান আলী আঘা (অধিনায়ক), শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, বাবর আজম, শাদাব খান, উসমান খান, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।

স্পোর্টস ডেস্ক