পাকিস্তানকে বড় লক্ষ্য দিল ভারত
শুরুর চাপ সামলে দারুণভাবে এগোতে থাকে ভারত। এরপর আবারও কিছুটা চেপে ধরে পাকিস্তান। এতে বড় রান নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। তবে শেষের ঝড়ে সেটি কাটিয়ে ওঠে ভারত। এতে ১৭০ ছাড়ানো পুঁজি পেয়েছে ভারত।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই অভিষেক শর্মা শূন্য রানে ফিরে গেলেও ভালো শুরুই পেয়েছিল ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে পাকিস্তানি বোলারদের শাসন করেন ইশান কিষান আর তিলক ভার্মা। এই জুটিতে ৭৭ রান তুলে ফেলেন তারা। অষ্টম ওভার পর্যন্ত আর কোনো উইকেট পড়তে দেননি এই দুই ব্যাটার।
নবম ওভারে এসে পাকিস্তানকে উইকেট এনে দেন শাহিন শাহ আফ্রিদি। ঝড় তুলতে থাকা ইশান কিষাণকে ফেরান তিনি। ফেরার আগে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৪০ বলে ৭৭ রান করেন তিনি।
তৃতীয় উইকেটে আবারও বড় জুটির দিকে ছুটছিল ভারত। তবে সেটি হতে দেননি সাইম আইয়ুব। ১৫তম ওভারে জোড়া আঘাত হানেন তিনি। দ্বিতীয় বলে ফেরান তিলককে (২৪ বলে ২৫), আর তৃতীয় বলে হার্দিক পান্ডিয়াকে (১ বলে ০)।
এরপর রানের গতি কিছুটা কমে যায়। তবে ছয় নম্বরে ব্যাটিংয়ে ছোটখাটো ক্যামিও ইনিংস খেলেন শিভাম দুবে। ১৭ বলে ২৭ রান করেন তিনি। এতে ১৭০ ছাড়ানো পুঁজি পায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ২০ ওভারে ১৭৫/৭ (অভিষেক ০, ইশান কিষাণ ৭৭, তিলক ২৫, হার্দিক ০, সূর্যকুমার ৩২, শিভাম ২৭, অক্ষর ০, রিংকু ১১* ; সালমান ২-০-১০-১, শাহিন ২-০-৩১-১, সাইম ৪-০-২৫-৩, আবরার ৩-০-৩৮-০, শাদাব ১-০-১৭-০, নাওয়াজ ৪-০-২৮-০, উসমান ৪-০-২৪-১)

স্পোর্টস ডেস্ক