বেনফিকাকে বিদায় করে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়নস লিগের মঞ্চে আরও একবার নিজেদের দাপট দেখাল রিয়াল মাদ্রিদ। রোমাঞ্চকর এক লড়াইয়ে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে সান্তিয়াগো বার্নাব্যু’তে প্লে-অফের ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে আলভারো আরবেলোয়ার দল। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে পা রাখল স্প্যানিশ জায়ান্টরা।
প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা বেনফিকা ম্যাচের শুরুতেই গোল পরিশোধ করে দেয়। ১৪ মিনিটে ডান দিক থেকে আসা এক পাস ঠেকাতে গিয়ে রিয়াল ডিফেন্ডার রাউল আসেন্সিও বল প্রায় নিজেদের জালেই ঠেলে দিচ্ছিলেন। গোলরক্ষক থিবো কোর্তোয়া সেটি আটকালেও ফিরতি বল পেয়ে টোকায় বল জালে জড়িয়ে দেন বেনফিকা ফরোয়ার্ড রাফা সিলভা।
তবে বেনফিকার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পরই রিয়ালকে সমতায় ফেরান চুয়ামেনি। ফেদে ভালভের্দের পাস ডি-বক্সের মুখে পেয়ে চমৎকার এক বাঁকানো শটে গোলটি করেন এই ফরাসি মিডফিল্ডার।
প্রধমার্ধেই আরও একবার বল জালে জড়ায় রিয়াল মাদ্রিদ। তবে ৩২ মিনিটে আর্দা গুলারের সেই গোল বাতিল হয় অফসাইডের কারণে। ফলে ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে গোলে জন্য দুই মরিয়া হয়ে ওঠে দুই দলই। কিন্তু সুবিধা করতে পারছিল না কোনো দলই। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই জ্বলে ওঠেন দারুণ ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র। মাঝমাঠ থেকে ভালভার্দের বাড়ানো থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন তিনি। এই গোলটিই বেনফিকার ফেরার সব আশা শেষ করে দেয়।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে গোল পেলেন ভিনিসিয়াস। শেষ ১১ ম্যাচে তাঁর গোল সংখ্যা এখন আট। বেনফিকার মাঠেও রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেছিলেন তিনিই।
নির্ধারিত সময়ের পর আরও ৯ মিনিট ইনজুরি টাইম দেওয়া হলেও বেনফিকা আর কোনো নাটকীয়তা তৈরি করতে পারেনি। ফলে ঘরের মাঠে জয়োল্লাসে মাতে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক