এবার শিকার ধরলেন তাসকিন-নাহিদও
শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। পাওয়ার-প্লেতে বাংলাদেশি বোলারদের কোনো সুযোগই দেননি পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকত। তবে পাওয়ার-প্লের শেষে চিত্র বদলাতে শুরু করেছে। মেহেদী হাসান মিরাজের পর উইকেটের দেখা পেয়েছেন তাসকিন আহমেদ-নাহিদ রানাও। দ্রুত সময়ের মধ্যে তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার (১৩ মার্চ) দ্বিতীয় ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
মাজ সাদাকাতকে মিরাজ ফেরালেও আরেক ওপেনার শাহিবজাদা টিকে ছিলেন উইকেটে। তবে তাকেও বেশি সময় থাকতে দেননি তাসকিন। ১৮তম ওভারে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে তাকে ফেরত পাঠিয়েছেন টাইগার পেসার। ফেরার আগে ৪৬ বলে ৩১ রান করেছেন শাহিবজাদা।
তিন নম্বরে নামা শামিল হোসেন সতর্ক শুরু করেছিলেন। তবুও তাকে বেশি সময় স্থায়ী হতে দেননি নাহিদ রানা। ২০তম ওভারে মুস্তাফিজুর রহমানের ক্যাচ বানিয়ে ফেরত পাঠিয়েছেন শামিলকে। ফেলার আগে ২২ বলে ৬ রান করেছেন তিনি।
বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিলেন মিরাজ
এদিনও টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন অধিনায়ক মিরাজ। তবে আজ বাংলাদেশি বোলারদের সুযোগ দেননি পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত। দুজন মিলে নির্বিঘ্নে কাটিয়ে দেন পাওয়ার-প্লে।
পাওয়ার-প্লের ১০ ওভারে বাংলাদেশি বোলারদের রীতিমতো শাসন করেছেন মাজ সাদাকাত। পুরো সময় টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন তিনি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তবে সেটি করতে দেননি মিরাজ। ১৩তম ওভারে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরত পাঠিয়েছেন তাকে। ফেরার আগে করেছেন ৪৬ বলে ৭৫ রান।

স্পোর্টস ডেস্ক