ইউরোপে ম্যাচ খেলবেন হামজারা, প্রতিপক্ষ কোন দল?
প্রস্তুতি ম্যাচগুলোতে ঘুরেফিরে কেবল কয়েকটি দেশের বিরুদ্ধে খেলে বাংলাদেশ, এমন অভিযোগ শোনা যায় প্রায়ই। দেশের ফুটবলে এখন উন্নতির গ্রাফটা একটু একটু করে বাড়ছে। এই সময়ে দক্ষিণ এশিয়ার দলগুলোর সঙ্গে নয়, ইউরোপেও প্রস্ততি ম্যাচ খেলার তাগিদ অনুভব করছে বাংলাদেশ। অবশেষে সেই বন্দোবস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের পোস্ট অনুযায়ী, আগামী জুনে প্রথমবারের মতো ইউরোপে কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সান মারিনোর বিপক্ষে ম্যাচের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে ফিফা টায়ার-ওয়ানের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি। এশিয়ার কোনো দলের বিপক্ষে এটিই সান মারিনোর প্রথম ম্যাচ। ভেন্যু ও সময় এখনও জানায়নি বাফুফে।
ইউরোপিয়ান দলের বিপক্ষে ম্যাচ খেলতে পারলে দক্ষতা বাড়বে নিঃসন্দেহে। তবে, সান মারিনো কতটা কার্যকর হবে বাংলাদেশের জন্য, এটি বড় প্রশ্ন। ইতালির নিকটবর্তী ছোট এক দেশ সান মারিনো । ইউরোপের দেশ হলেও তাদের ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২১১তম। ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে সবচেয়ে নিচে তারা।
বাংলাদেশ আছে ১৮১ নম্বরে। চোখে চোখ রেখে লড়াই করছে এশিয়ায় এগিয়ে থাকা দলগুলোর বিরুদ্ধে। এমন অবস্থায় ৩০ ধাপ পেছনে এবং র্যাঙ্কিংয়ে সবার নিচে থাকা দলের সঙ্গে খেলা আদতে কতটা যৌক্তিক, প্রশ্ন থেকে যায়।
উল্টো বাংলাদেশের যে ক্রেজ বর্তমানে, তাতে সান মারিনো ফুটবল দলের জন্যই ম্যাচটি ফলপ্রসূ হবে।

স্পোর্টস ডেস্ক