তামিমের নেতৃত্বে বিসিবির প্রথম বোর্ড সভা চলছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে প্রথম দিনেই মিরপুরে এসেছিলেন তামিম ইকবাল। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলে গিয়েছিলেন। ঘোষণা করেছিলেন অ্যাডহক কমিটির প্রথম বোর্ড সভার সূচি।
আজ বুধবার (৮ এপ্রিল) মিরপুরে বিসিবি ভবনে সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে তামিমের ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটির প্রথম সভা।
ধারণা করা হচ্ছে, আজকের বোর্ড সভায় চূড়ান্ত করা হবে বিসিবির পরিচালনা পর্ষদ। অর্থাৎ কোন কমিটির দায়িত্ব পালন করবেন কে।
এর আগে গতকাল মিরপুরে এক সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়ার ঘোষণা দেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। একই সঙ্গে তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটির ঘোষণাও দেন তিনি।
অ্যাডহক কমিটির ১১ সদস্য হলেন— তামিম ইকবাল, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
গত মাসে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল এনএসসি। সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত ৫ এপ্রিল। এর দুদিন পর ব্যবস্থা নেয় এনএসসি। ভেঙে দেওয়া হয় বুলবুলের বোর্ড।
রাতে এক বিবৃতিতে এনএসসির এই হস্তক্ষেপকে এখতিয়ার বহির্ভূত ও বেইআইনি বলে মন্তব্য করেন বুলবুল। একই সঙ্গে তদন্ত কমিটির রিপোর্ট ও অ্যাডহক কমিটিকে অবৈধ হিসেবে উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে বুলবুল বলেন, ‘নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া এবং তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি চাপিয়ে দেওয়া অবৈধ, বিসিবির গঠনতন্ত্রের পরিপন্থী এবং সরকারি হস্তক্ষেপ সংক্রান্ত আইসিসির নিয়মের সরাসরি লঙ্ঘন। চরম পরিস্থিতি ছাড়া নির্বাচিত কোনো পর্ষদ ভেঙে দেওয়ার ক্ষমতা এনএসসির নেই এবং বর্তমানে তেমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই।’

স্পোর্টস ডেস্ক