রুবেলের অবসরের পর মাশরাফির স্মৃতিচারণ
বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ২০১৫ আসরের কোয়ার্টার ফাইনাল খেলা। সেবার রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেরা সাফল্য অর্জন করেছিল বাংলাদেশ। সেই অর্জনের পেছনে বড় অবদান ছিল পেসার রুবেল হোসেনের। তার দারুণ বোলিংয়েই সাফল্য পেয়েছিল বাংলাদেশ।
দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাইরে ছিলেন রুবেল। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। বুধবার (১৫ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই টাইগার পেসার।
রুবেলের ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাই কেটেছে মাশরাফি বিন মোর্ত্তজার ক্যাপ্টেন্সিতে। অবসর ঘোষণার পরে নিজের অন্যতম সেরা অস্ত্রের সঙ্গে তোলা পুরোনো একটি ছবি শেয়ার করে আগামীর জন্য রুবেলকে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মাশরাফি লিখেছেন, ‘এই ছবিটার মতোই আনন্দময় অনেক সময় কেটেছে তোর সঙ্গে। অ্যাডিলেডে তোর সেই দুটি ডেলিভারি যেমন গোটা দেশকে ভাসিয়েছিল উচ্ছ্বাসের জোয়ারে, তেমনি আরও নানা সময়ে তোর হাত ধরে এসেছে দেশের ক্রিকেটের স্মরণীয় কিছু সাফল্য।’
রুবেলকে শুভ কামনা জানিয়ে মাশরাফি যোগ করেন, ‘তোর সঙ্গে মাঠের ভেতরে ও বাইরে কত স্মৃতি! আশা করি, তোর জীবনের নতুন অধ্যায় আরও সুন্দর হবে এবং নতুন আঙিনায় আরও সাফল্য তোর সঙ্গী হবে।’
এর আগে অবসর বার্তায় রুবেল বলেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’
ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে এই পেসার বলেন, ‘ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’
ওয়ানডে দিয়ে ২০০৯ সালে অভিষেক হয় রুবেলের। একই বছর অন্য দুই ফরম্যাটেও অভিষিক্ত হন। ২০২১ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এই সময়ে ২৭ টেস্টে ৩৬ উইকেট নিয়েছেন রুবেল। ১০৪ ওয়ানডেতে তার শিকার ১২৯ উইকেট। ২৮ টি-টোয়েন্টিতে ঝুলিতে পুরেছেন সমান ২৮ উইকেট।

স্পোর্টস ডেস্ক