এবার নতুন পরিচয়ে হাজির মেসি
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বয়সটা ঊনচল্লিশ ছুঁইছুঁই। এখনো বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছেন ফুটবলের মাঠ। সবঠিক থাকলে মাস দুয়েক পর বিশ্বকাপের মঞ্চেও নামবেন তিনি। কবে ফুটবলের বুটজোড়া তুলে রাখবেন সেটি এখনো নিশ্চিত নয়। ফুটবলার থাকাকালীনই ক্লাবের মালিক হয়ে গেলেন তিনি।
স্পেনের কাতালান অঞ্চলের ঐতিহাসিক ফুটবল ক্লাব ইউই কর্নেল্লা কিনে নিয়েছেন লিওনেল মেসি। বিষয়টি নিশ্চিত করেছে কর্নেল্লা ক্লাব কর্তৃপক্ষ। বার্সেলোনার প্রতি ভালোবাসা আর তৃণমূল থেকে নতুন ফুটবলার তুলে আনার লক্ষ্যেই নতুন এই পথচলা আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার।
মেসির এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো স্প্যানিশ ফুটবলের শিকড়ে কাজ করা। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি তরুণ প্রতিভা খুঁজে বের করার জন্য বেশ পরিচিত। মেসির দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং গাইডলাইনে ক্লাবটি এখন আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মেসির আগমনে কর্নেল্লা এক নতুন যুগে পদার্পণ করল।
মজার বিষয় হলো, মেসির বর্তমান ও সাবেক অনেক সতীর্থই এই ক্লাবের একাডেমি থেকে উঠে এসেছেন। সেই তালিকায় আছেন- জর্দি আলবা, ডেভিড রায়া, জাভি পুয়াদো ও জেরার্ড মার্টিনের মতো তারকারা।
মেসি যে ফুটবলের একদম তৃণমূল স্তর থেকে কাজ করতে পছন্দ করেন, তার প্রমাণ মিলেছে আগেও। গত ডিসেম্বরে মায়ামিতে তিনি অনূর্ধ্ব-১৬ পর্যায়ের কিশোরদের নিয়ে ‘মেসি কাপ’ আয়োজন করেছিলেন। এবার সরাসরি একটি ক্লাবের মালিকানা কিনে সেই লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির এই প্রজেক্টের মূল উদ্দেশ্যই হলো স্থায়িত্ব এবং উচ্চাশার সমন্বয়ে শিকড়ের সাথে সংযোগ রেখে ক্লাবটিকে আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।

স্পোর্টস ডেস্ক